ধনাগোদা নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধনাগোদা নদীর ছয় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার দীর্ঘ জট লেগে আছে। এতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, ধনাগোদার গাজীপুর মোড় থেকে সাহেববাজার পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় কচুরিপানা জমাট বেঁধেছে। মতলব ফেরিঘাটের সুপারভাইজার মো. সবুজ জানান, ছয় মাস ধরেই ধনাগোদার এই এলাকায় কচুরিপানা জট বেঁধেছে। এতে লঞ্চ, ট্রলার, ফেরির ইঞ্জিনে কচুরিপানা পেঁচিয়ে প্রায়ই মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এগুলো আবার সচল করতে অনেক সময় লেগে যায়।
মতলব-ঢাকা নৌপথে চলাচলকারী গ্রিন ওয়াটার যাত্রীবাহী লঞ্চের চালক (সুকানি) মো. আমিন বলেন, তাঁর লঞ্চটি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় মতলব থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে। এটি দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কচুরিপানার কারণে পৌঁছাতে দুইটা বেজে যায়। মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, লঞ্চে ঢাকা থেকে মতলবে আসতে কচুরিপানার কারণে দুই ঘণ্টা দেরি হয়।
নৌকার মাঝি ছিডু ফরাজী বলেন, ‘কস্তুরি ঠেইল্লা নদী পার অইতে কষ্ট লাগে। ৫ মিনিটের জায়গায় লাগে ২০-৩০ মিনিট।’ মতলব উত্তর উপজেলার বাসিন্দা কলেজছাত্র মো. রনি জানায়, কচুরিপানার কারণে নদী পার হতে সময় নষ্ট হওয়ায় প্রায়ই ক্লাস মিস হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।