ধনাগোদায় কচুরিপানার জট, নৌযান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধনাগোদা নদীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার জট লেগে আছে। এতে এক মাস ধরে এ নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছেন লঞ্চ, ট্রলার ও নৌকার যাত্রীরা। পাশাপাশি ব্যবসায়ীদেরও নৌপথে মালামাল পরিবহন করতে সমস্যা হচ্ছে।
ধনাগোদা নদীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ওই নদীর গাজীপুর থেকে নায়েরগাঁও পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার জট লেগে আছে। কচুরিপানায় আটকে যাচ্ছে লঞ্চ, ট্রলার, কার্গো, ফেরিসহ অন্যান্য নৌযান। এগুলোর চাপে ডিঙি নৌকায় নদী পারাপার দৃশ্যত অসম্ভব হয়ে পড়েছে। নৌকার মাঝির সঙ্গে যাত্রীরাও বইঠা বেয়ে কচুরিপানার জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।
মতলব চেয়ারম্যানঘাট এলাকার ডিঙি নৌকার মাঝি মো. হাবিব বলেন, ‘গত এক মাস ধইরা নদীতে কচুরিপানার জ্যাম (জট)। যাত্রী লইয়া নদী পার অইতে অনেক কষ্ট অয়। কয়েক গজ গেলেই নৌকা আটকাইয়া যায়। নদী পার অইতে ১০ মিনিটের জাগায় ৪০-৫০ মিনিট চইলা যায়।’
মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সানি বলেন, তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামে। নৌকায় নদী পার হয়ে কলেজে আসতে হয়। অনেক দিন ধরে কচুরিপানার জন্য নদীতে নৌকা স্বাভাবিকভাবে চলে না। এ জন্য পারাপারে অনেক সময় চলে যায়। মাঝে মাঝে ক্লাসও বাদ যায়।
মতলব-ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ‘গ্রিন ওয়াটার’-এর সুকানি (চালক) মো. আমিন বলেন, সকাল সাড়ে সাতটায় তাঁর লঞ্চটি ঢাকার উদ্দেশে মতলব লঞ্চঘাট ছাড়ে। দুপুর সাড়ে ১২টায় সেটি ঢাকায় পৌঁছানোর কথা। কচুরিপানা ঠেলতে ঠেলতে সেটি ঢাকায় পৌঁছে বেলা দেড়টা-দুইটায়। কচুরিপানা পেঁচিয়ে লঞ্চের ইঞ্জিন ও পাখা প্রায়ই বিকল হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, কচুরিপানা সরাতে পৌরসভার মেয়র ও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহযোগিতা চেয়েছেন।
চাঁদপুর পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া বলেন, কচুরিপানা সরানোর কাজ তাঁদের নয়। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাজ।