ধনাঢ্য ‘পল্লি চিকিৎসক’
নওগাঁর মান্দা উপজেলার ছোট চকচম্পক গ্রামে গত ১৬ মে চিত্তরঞ্জন প্রামাণিক নামে এক কোটিপতি ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ব্যাপারে ২৪ মে নওগাঁর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নালিশি মামলা করেন চিত্তরঞ্জনের স্ত্রী দিপালী রানী।শুনানি শেষে হাকিম মামলাটি মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর পাঠিয়ে তদন্তের নির্দেশ দেন। মামলার আরজিতে ভাঙচুর ও লুটপাটে ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয় ৫৬ লাখ ১৭ হাজার টাকা।ওসি খালেকুজ্জামান বলেন, চিত্তরঞ্জন ও তাঁর পরিবারের সদস্যরা চকচম্পক গ্রামসহ মান্দার বিভিন্ন গ্রামের লোকজনকে মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকার আমানত সংগ্রহ করেন। এসব আমানতকারীকে মুনাফা বা মূল টাকা না দিয়ে বারবার ঘোরানোর কারণে তাঁরা ক্ষিপ্ত হয়ে ১৬ মে চিত্তরঞ্জনের বাড়িতে ইটপাটকেল ছোড়েন। এক সময় তিনি ‘পল্লি চিকিৎসক’ ছিলেন বলে জানা গেছে। ওসি জানান, এ ধরনের কর্মকাণ্ডের জন্য গত বছরের ৩১ মে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে চিত্তরঞ্জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২৯ জুন তাঁর বিরুদ্ধে নওগাঁর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২৫ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট চকচম্পক গ্রামের প্রবেশপথে তিনটি পাকা ভবন। একটি পাকা সড়কের দুপাশে গড়ে ওঠা ভবনগুলোর মধ্যে দুটি তিনতলা ও একটি দোতলা। এসব ভবনের জানালা-দরজায় ভাঙচুরের চিহ্ন রয়েছে।ছোট চকচম্পক গ্রামের আক্কাস আলী ও সামসুদ্দিন প্রামাণিক, চকসিদ্ধেশ্বরী গ্রামের আজিমুদ্দিন ও এনায়েতপুর গ্রামের বনিজ প্রামাণিক জানান, চিত্তরঞ্জন ১৫-১৬ বছর ধরে এলাকার লোকজনকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে ‘ছোট চকচম্পক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি খুলে আমানত সংগ্রহ করেন। শুরুতে আমানতকারীদের প্রতিমাসে পাঁচ শতাংশ হারে সুদ দেওয়া হতো। এখন তা তিন শতাংশে নিয়ে আসা হয়েছে।আমানতকারী অনেকের অভিযোগ, নির্দিষ্ট সময়ের পরে সুদের টাকা তুলতে গেলে চক্রবৃদ্ধি হারের লোভনীয় অঙ্ক দেখিয়ে তাঁদের নিরুৎসাহিত করা হতো। হিসাবের খাতায় সঞ্চয়ী গ্রাহকদের আমানতের পরিমাণ ১৬ মাসে দ্বিগুণ দেখানো হতো। বিষয়টি জানাজানি হলে অল্প সময়ে বেশি মুনাফার আশায় চকচম্পক গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ ব্যাপকহারে সমিতির সদস্য হতে শুরু করেন।নাম প্রকাশ না করার শর্তে সমিতির একজন সাবেক কর্মচারী প্রথম আলোকে জানান, দুই বছর আগে সমিতির খাতাপত্রে বিভিন্ন সঞ্চয়ী গ্রাহকের গচ্ছিত আমানত প্রায় ৯৬ কোটি টাকা ছিল। চিত্তরঞ্জন বলেন, পাঁচ বছর ধরে চকচম্পক গ্রামসহ বিভিন্ন এলাকার প্রায় তিন হাজার আমানতকারীর কাছ থেকে তিনি প্রায় ১২ কোটি টাকা আমানত সংগ্রহ করেন। আমানত থেকে প্রায় সাত কোটি টাকা বিভিন্ন জনকে সুদের ওপর ঋণ দেওয়া হয়েছে। কিন্তু ঋণ নেওয়া ব্যক্তিরা টাকা ফেরত না দেওয়ায় তাঁকে সমস্যায় পড়তে হয়েছে।এলাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম, দাড়িয়াপুর গ্রামের আল মামুনসহ চকচম্পক গ্রামের একাধিক সঞ্চয়ী গ্রাহক ও স্থানীয় গ্রামবাসী জানান, চিত্তরঞ্জন জামিনে ছাড়া পাওয়ার পর প্রতিদিন তাঁর বাড়িতে কয়েক হাজার আমানতকারী টাকার জন্য ধরনা দিতে শুরু করেন। তিনি নানা অজুহাতে তাঁদের ফিরিয়ে দেন। গত বছরের ১৯ অক্টোবর তাঁর ছেলে নিত্য গোপালকে ক্ষুব্ধ পাওনাদারেরা স্থানীয় পাঁজরভাঙ্গা অগ্রণী ব্যাংক শাখায় আটকে রাখেন। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। ২২ অক্টোবর পাঁজরভাঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক বৈঠকে চিত্তরঞ্জন দুই মাসের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করেন। কিন্তু তিনি অঙ্গীকার রক্ষা করেননি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মে তাঁরা চিত্তরঞ্জনের বাড়িতে হামলা করেন।যেভাবে চিত্তরঞ্জনের উত্থান: ছোট চকচম্পক গ্রামের মৃত হূদয়কৃষ্ণ প্রামাণিকের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে চিত্তরঞ্জন পঞ্চম। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন তিনি। চিত্তরঞ্জন জানান, ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত স্থানীয় বিভিন্ন হাটবাজারে সাইকেলে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন ওষুধ বিক্রি করেছেন। পরে এক চাচার সহযোগিতায় পল্লি চিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে ২০০১ সাল থেকে গ্রামে চেম্বার খুলে বসেন।চিত্তরঞ্জনের দাবি, চিকিৎসাসেবার আয় থেকে ১৩ শতাংশ পৈতৃক জমির ওপর ১৬ কোটি টাকা ব্যয়ে একাধিক ভবন নির্মাণ করেন তিনি। তবে পল্লি চিকিৎসক হিসেবে তাঁর যে সনদ নেই, তা স্বীকার করেছেন চিত্তরঞ্জন।