ধনী-গরিবের প্রেম, অতঃপর...
মেয়েটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ক্যাম্পাসের ছাত্রী। বাবা ধনী ব্যবসায়ী। দীর্ঘদিন প্রবাসে ব্যবসা করেছেন। এখন দেশেই ব্যবসা করছেন। পরিবারটি দু-তিন বছর আগে দেশে ফেরে। ছেলেটি অশিক্ষিত। বাবা কাঁচামালের আড়তদার। বাবার আড়তে কাজ করে সে।প্রায় ছয় মাস আগের কথা। আড়তের পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে ওই মেয়েটির সঙ্গে ছেলেটির দেখা। একপর্যায়ে কথাবার্তা এবং প্রেম। হঠাৎ করেই মেয়েটি ছেলেটিকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবার থেকে ধনী-গরিবের এ সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না। তাই ১৭ এপ্রিল দুপুরে ছেলেটির সঙ্গে ঘর ছাড়ে মেয়েটি। দুজনে প্রথমে চলে যায় মাদারীপুরের শিবচরে। পরে মাগুরা, ঝিনাইদহ, বগুড়ায়। এভাবে লুকিয়ে বেড়াতে থাকে। ২২ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে ঢাকার সবুজবাগ থানায় ছেলেটির বিরুদ্ধে অপহরণ ও চুরির মামলা করেন। গত রোববার মাগুরা শহর থেকে ছেলে ও ছেলের বাবাসহ মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মেয়ে ও ছেলের বক্তব্য থেকে এসব কথা জানা গেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এজাজ শফী প্রথম আলোকে বলেন, ঢাকার মুগদাপাড়া এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকে মেয়েটির পরিবার। আড়তদারের ছেলে গত ১৭ এপ্রিল মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। পরে ছেলেটির বাবাও তাদের সঙ্গে যোগ দেন। ওই ঘটনায় সবুজবাগ থানায় মামলা হলে পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপর হয়। ছেলেটি ও তার বাবা মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। গত রোববার রাতে মাগুরা শহরের হর্টিকালচার পাড়া থেকে তাদের আটক করা হয়। এদের কাছ থেকে স্বর্ণের দুটি বালা, তিনটি মুঠোফোন ও কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে। বাবা-ছেলে ফাঁদ পেতে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল বলে পুলিশের ধারণা। মেয়েটিকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাবা ও ছেলেকে সবুজবাগ থানায় রাখা হয়েছে।তবে উদ্ধারের পর রোববার রাত ১০টার দিকে মাগুরা শহরের নতুন বাজার বৈদিপবাড়ি কালীমন্দির এলাকায় উপস্থিত লোকজন ও তদন্তকারী কর্মকর্তার সামনে মেয়েটি বলেছে, ‘আমি নিজের ইচ্ছায় ভালোবেসে তার (ছেলেটির) সঙ্গে এসেছি। প্রয়োজন হতে পারে, তাই বাসা থেকে অল্প কিছু গয়না এনেছি। কোনো টাকা-পয়সা আনিনি। ছেলেটির কোনো দোষ নেই। আমাকে সে অপহরণ করেনি। আমি ওকে ভালোবাসি।’ছেলেটি বলেছে, ‘আমি তাঁকে অপহরণ করেছি কি না, আপনারাই জিজ্ঞেস করে দেখেন। বরং আমি তাঁকে বারবার বলেছিলাম, আমরা পালিয়ে বিয়ে করলে তোমার বড়লোক বাবা আমাকে মেরে ফেলবে। কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। আমি না আনলে সে আত্মহৎযা করত। আটক করার পর আমাকে খুব মারধর করেছে পুলিশ।’