প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোকে বেশি দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধান করতে হলে শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। নিঃসরণ কমানোর ক্ষেত্রে যত দেরি হবে, গরিব দেশগুলোর ভোগান্তি তত বাড়বে। গতকাল সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।‘কমিউনিটি বেজ্ড অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ’ (স্থানীয় জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো) শীর্ষক এই সম্মেলন ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস) ও যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) উদ্যোগে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের শতাধিক দেশের জলবায়ু বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সুশীল সমাজ ও সংবাদমাধ্যমের সদস্যরা অংশ নিচ্ছেন।প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় সরকার নিজস্ব তহবিল থেকে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ১৩৯টি সরকারি প্রকল্পে এবং ৬৩টি এনজিওকে ওই তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে উন্নয়ন অংশীদাররা এ পর্যন্ত ১৮ কোটি ৯৫ লাখ ডলার সহায়তা দিয়েছে। তিনি বলেন, এই সহায়তা পর্যাপ্ত নয়। বাংলাদেশের আরও সহায়তা দরকার।সম্মেলনে আইআইইডির সিনিয়র ফেলো সালেমুল হক বলেন, সরকার ও সুশীল সমাজের মধ্যে সংযোগ সেতু হিসেবে এই সম্মেলন ভূমিকা রাখবে।পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর দিক থেকে বাংলাদেশ বিশ্বের কাছে আদর্শ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক, বিজ্ঞানী ও নীতিনির্ধারকেরা বাংলাদেশে এ বিষয়ে শিখতে আসছেন। তবে ধনী দেশগুলোকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাওয়ানোর জন্য সহযোগিতা বাড়াতে হবে।অধিবেশনে আরও বক্তব্য দেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত ফ্রেমওয়ার্ক (ইউএনএফসিসিসি) সচিবালয়ের প্রতিনিধি ইউসুফ নাসিফ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। ২৫ এপ্রিল পর্যন্ত চলা সম্মেলনে প্রতিদিনই বিভিন্ন কারিগরি অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞ, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, নীতিনির্ধারকেরা আলোচনায় অংশ নেবেন।