
শারীরিক প্রতিবন্ধীদের মেধা বিকাশে সহায়তার জন্য এগিয়ে আসতে দেশের ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে ধনী ব্যক্তির কোনো অভাব নেই। তাই প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে আমি তাঁদের প্রতি আহ্বান জানাই।’ খবর বাসসের।
সম্প্রতি ভারতে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জয় করা উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জেড-এর কর্মকর্তা ও খেলোয়াড়েরা গতকাল বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এ সময় এক অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পৃষ্ঠপোষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত, সংগঠনের সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুকসেদুর রহমান বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বিজয়ী খেলোয়াড় ও সংগঠনের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের মাটিতে ওই জয় এক বড় অর্জন। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া গেলে তাঁরাও দেশের সোনার সন্তান হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় দেশের প্রতিবন্ধী বালক-বালিকাদের সাফল্য যথাযথভাবে তুলে না ধরার জন্য সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘আমাদের জন্য এটি খুবই দুঃখজনক, সংবাদপত্রগুলোতে সফলতার খবর শিরোনাম হয় না বরং তারা অন্যের সমালোচনায় ব্যস্ত থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে একটি অটিজম একাডেমি প্রতিষ্ঠা করবে। এতে প্রতিবন্ধীরা তাঁদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ পাবেন। অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যেককে এক লাখ টাকার একটি চেক প্রদান করেন।
উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধীবিষয়ক বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ম্যাচে জয়লাভ করে। ২২ থেকে ২৭ জুন ভারতের গোয়ালিয়র, ফিরোজাবাদ ও আগ্রায় অনুষ্ঠিত হয় এই সিরিজ।