ধনীদের পকেটে অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা
মেহেরপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়ে অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই তালিকায় রয়েছে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম। এমনকি শহরে বাড়ি, গাড়ি ও এলাকায় ৭০ থেকে ১০০ বিঘা জমি আছে, এমন ধনাঢ্য মুক্তিযোদ্ধার নামও আছে এ তালিকায়। অথচ এক বিঘা আবাদি জমিও নেই এবং অর্ধাহারে দিন কাটাচ্ছেন, এমন বেশ কয়েকজন অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন না।তথ্যানুসন্ধানে জানা গেছে, শহরের মল্লিকপাড়া ও প্রধান সড়কে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হালিমের একাধিক পাকাবাড়ি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। চাষাবাদের জন্য শহর ও গ্রামে রয়েছে ৬০-৭০ বিঘা জমি। জেলা আওয়ামী লীগের অন্য সহসভাপতি আবদুর মান্নান মাস্টারের গ্রাম ও শহরে একাধিক পাকাবাড়ি, গাড়ি ও ৪০ থেকে ৪৫ বিঘা জমি রয়েছে। কিন্তু তাঁরা দলীয় প্রভাব খাটিয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রতি মাসে দুই হাজার টাকা করে ভাতা নিচ্ছেন। দলটির আরও বেশ কজন নেতা-কর্মী এভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অনুসন্ধানে আরও জানা গেছে, সদর উপজেলার পিরোজপুর বর্শিবাড়িয়া গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ৮০-৮৫ বিঘা জমির ওপর একাধিক মাছের খামার আছে। আমঝুপি গ্রামের আবদুল ওহাব ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। এ দুজনসহ আরও বেশ কজন ধনাঢ্য ব্যক্তি অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে প্রতি মাসে দুই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।মুক্তিযোদ্ধাদের ভাতাবিষয়ক গেজেট সূত্রে জানা গেছে, যেসব মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ১২ হাজার টাকা, কেবল তাঁরাই এই ভাতা পাবেন। এ ক্ষেত্রে মুক্তিবার্তা ও গেজেটে তাঁদের নাম থাকতে হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, গেজেটে উল্লেখ না থাকলেও এখন অনেক ধনাঢ্য ব্যক্তি ও আওয়ামী লীগের নেতা শর্ত লঙ্ঘন করে অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে মন্ত্রণালয় থেকে সনদ নিয়ে ভাতা পাচ্ছেন। মেহেরপুর জেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পান ৮৭১ জন।মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম জানান, মেহেরপুর সদরের রাজনগর গ্রামের নূরুল ইসলাম, পিরোজপুর গ্রামের আবদুল রেহান ও একই গ্রামের আবদুস ছালাম ভূমিহীন মুক্তিযোদ্ধা। তাঁদের আয়ের স্থায়ী কোনো উৎস নেই। ভাতা পাওয়ার জন্য বেশ কয়েকবার আবেদনও করেছিলেন তাঁরা। কিন্তু রাজনৈতিক কারণে তাঁরা আজও ভাতা পায়নি।মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল গণি বিনা চিকিৎসায় পাঁচ বছর আগে মারা যান। আর্থিক অনটনের শিকার হয়ে তাঁর স্ত্রী সফুরা খাতুন এখন ভিক্ষা করেন। একই অবস্থা বারাদী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালেকের স্ত্রী রেহেনা বেওয়ার। তাঁরা অভিযোগ করেন, জীবিত অবস্থায় তাঁদের স্বামীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু আজও তাঁরা ভাতা পাননি।আবদুল হালিম বলেন, অর্থাভাবের কারণে নয়, মুক্তিযোদ্ধা সম্মানীর সুযোগ নেওয়ার জন্য তিনি এই ভাতা নিচ্ছেন। আবদুল মান্নান মাস্টার বলেন, সবাই এই ভাতা নিচ্ছেন, তাঁরা নিলে অপরাধ কিসের।প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন—এ কথা স্বীকার করে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক জানান, তিনি এই যাচাই-বাছাই কমিটির উপজেলা আহ্বায়ক। ধনাঢ্য হয়েও অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা নেওয়ার আবেদন করেছেন, এমন ২৮ জনের বিরুদ্ধে তিনি আপত্তি জানিয়েছিলেন। পরে রাজনৈতিক প্রভাবের কারণে তা জেলা কমিটি থেকে অনুমোদন পেয়ে গেছে। ওই তালিকায় আবদুল মান্নানেরও নাম ছিল।জেলা সমাজসেবা কর্মকর্তা রাজিয়া আখতার বানু জানান, নীতিমালা অনুযায়ী যে মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ১২ হাজার টাকা এবং মুক্তিবার্তা ও গেজেটে নাম আছে, তাঁদের এই ভাতা পাওয়ার নিয়ম। এখন উপজেলা ও জেলা কমিটির সুপারিশে এই ভাতা দেওয়া হচ্ছে।জেলা প্রশাসক ও জেলা অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতার তালিকা যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক বেনজামিন হেমব্রম জানান, মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের কার কী অবস্থা, তা তাঁর জানা নেই। কমিটি সুপারিশ করে যে তালিকা পাঠায়, তিনি সেই তালিকার অনুমোদন দেন।