ধনীদের মধ্যে পরিবেশের ধারণা ও অনুভূতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বিষয়টিকে রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। দেশে জমির মূল্য বেড়ে যাওয়ায় খাল, নদী ও জলাশয় দখল হচ্ছে। এ কাজে সহায়তা করছে রাজনীতিবিদ ও অভিজাত ব্যক্তিরা। কারণ, তাঁদের জন্য পরিবেশ গুরুত্বপূর্ণ বিষয় নয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত নবম সাধারণ সভায় অর্থনীতিবিদ রেহমান সোবহান এ মন্তব্য করেন। গতকাল শনিবার রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। রেহমান সোবহান বলেন, ধনীরা বাসায় শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বাস করেন। গাড়িতেও শীতাতপের ব্যবস্থা থাকে তাঁদের। দেশের পরিবেশ যখন খারাপ হয়, তখন তাঁরা অন্য দেশে গিয়ে থাকেন। তাই তাঁদের মধ্যে পরিবেশ নিয়ে ধারণা ও অনুভূতি কম। বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, দেশে যাঁরা উন্নয়ন-পরিকল্পনা করেন, তাঁদের পরিবেশচিন্তা নেই। সর্বজনীন সম্পদ রক্ষার চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে—মন্তব্য করে তিনি বলেন, পরিবেশ আন্দোলন উন্নয়নকে ব্যাহত করে না, বরং সহায়তা করে। দেশের বিভিন্ন জেলা শহরে নগরায়ণ দ্রুত হচ্ছে উল্লেখ করে বাপার সভাপতি বলেন, জেলা শহরগুলোতে যাতে পরিকল্পিত নগরায়ণ হয় ও পরিবেশ রক্ষা পায়, সে লক্ষ্যে বাপা কাজ করে যাবে। সম্মেলনে সংহতি বক্তব্য দিতে গিয়ে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, উন্নয়ন টেকসই না হলে সেটা কোনো উন্নয়ন নয়। বর্তমান সরকার ট্রানজিট দেওয়া সহজ করতে তিতাস নদীর ক্ষতি করছে। সুন্দরবনের কাছে তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প নেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি বয়ে আনবে উল্লেখ করে তিনি বাপাকে এসব বিষয়ে আরও সোচ্চার হওয়ার পরামর্শ দেন। সম্মেলনে গবেষক গোলাম রব্বানী বলেন, ডারবান জলবায়ু সম্মেলনে বাংলাদেশ তার বক্তব্য উপস্থাপন করেছে। তবে জাতিসংঘ জলবায়ু তহবিল থেকে যে অর্থ পাওয়ার কথা ছিল, তা পায়নি। অভ্যন্তরীণ খাতে জলবায়ু তহবিল খরচের বিষয়টি ভালোমতো পর্যবেক্ষণ হওয়া প্রয়োজন বলেও তিনি সুপারিশ করেন।সাধারণ সভায় দেশের বিভিন্ন স্থান থেকে ২৫০ জন সদস্য অংশ নেন। এ ছাড়া দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তিরাও এ সম্মেলন যোগ দিয়েছেন। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জাতীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি চলতি মাসের মধ্যে বাপার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবে।