
মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কল্যাণে গুলিস্তান থেকে মিনিট দশেকের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পৌঁছে গেল বাস। তবে সাইনবোর্ড থেকে ডানে মোড় নিতেই তীব্র ঝাঁকুনি। সড়কজুড়ে অসংখ্য ছোট গর্ত।
ঝাঁকুনি আর রাস্তার ধুলাবালু মেখে পৌনে এক ঘণ্টায় নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় গিয়ে থামল বাস। গুলিস্তান থেকে চাষাঢ়া ১৬ কিলোমিটার পথ পেরোতে সময় লাগল মাত্র ৪৫ মিনিট। সড়ক ভালো থাকলে ঢাকা-নারায়ণগঞ্জের বর্তমানের সহজ যাতায়াত আরও সহজ হতো।
নারায়ণগঞ্জ নামকরণের আগে এখনকার সোনারগাঁ উপজেলা ছিল প্রাচীন বাংলার রাজধানী। মোগলদের আগেও খিজিরপুর, কদমরসুল ও মদনগঞ্জ আন্তর্জাতিক নদীবন্দর ছিল। ইংরেজরা দল বেঁধে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য করতে আসে। তখন পাট, লবণ ও মসলার জন্য বিখ্যাত ছিল এই অঞ্চল। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি অঞ্চলটির নামকরণ করা হয় নারায়ণগঞ্জ। ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে। এর ১৩৫ বছর পর ২০১১ সালে সিটি করপোরেশন হয় নারায়ণগঞ্জ।
ব্যবসায়ের দীর্ঘ ঐতিহ্যের কারণে এই শহর অনেক ধনী ও বিপুল সচ্ছল মানুষ সৃষ্টি করেছে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য মিলিয়ে দীর্ঘ সময় ধরে এখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ থাকায় মানুষের আয়-রোজগার ভালো। এখন সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ আয় ও ব্যয় খানা জরিপ এবং দারিদ্র্য মানচিত্র প্রতিবেদন অনুযায়ী, এ জেলায় দারিদ্র্যের হার মাত্র ২ দশমিক ৬ শতাংশ। অর্থনীতিতে দারিদ্র্যের হার ৫ শতাংশের নিচে থাকলে তাকে মোটাদাগে দারিদ্র্যমুক্ত ধরা হয়।
দরিদ্র মানুষ কম থাকলেও শহর হিসেবে নারায়ণগঞ্জ যেন পীড়িত, দীনহীন। যুগোপযোগী নগর-পরিকল্পনা যেমন অনুপস্থিত তেমনি রাস্তাঘাট, গণপরিবহন, নাগরিক সেবা ও বিনোদনের ব্যবস্থা গড়ে ওঠেনি যথাযথভাবে। পুরো নগরকাঠামোই শ্রীহীন, মলিন।
শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া। এর আশপাশের এলাকায় গত কয়েক বছরে অনেক বহুতল ভবন হয়েছে। অধিকাংশ ফ্ল্যাটবাড়ি। বাসা ভাড়া ঢাকার চেয়ে খুব একটা কম নয়।
পর্যটন বা দাপ্তরিক কাজে আসা লোকজনের থাকার জন্য এই শহর বড় অনুদার। মোটামুটি মানের আবাসিক হোটেলেরও বেশ অভাব। শহরজুড়ে কেবলই ইট-পাথরের ভবন। একটার পিঠে আরেকটা। হাঁসফাঁস অবস্থা।
শহরে মূল সড়ক হাতে গোনা দু-তিনটি। চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক বেশ চওড়া। দুই পাশ হকারমুক্ত করায় স্বচ্ছন্দে চলাচল করা যায়। শহরের আরেক গুরুত্বপূর্ণ সড়ক নবাব সলিমুল্লাহ ও ঈশা খাঁ রোডের দুই পাশ বাস রেখে দখল করেছেন পরিবহনশ্রমিকেরা। আর নবাব সিরাজউদ্দৌলা সড়কে সব সময় ঢাকা থেকে আসা বাসের দৌরাত্ম্য। যানজট লেগেই থাকে।
শহরের ভেতর বাসস্ট্যান্ড ও রেলস্টেশন। ফলে কালীরবাজার থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত সারাক্ষণই যানজট। রেলস্টেশনের পেছনের সড়কটি বাসমালিকেরা দখলে নিয়েছেন। ১ থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত রেললাইনের দুই পাশ দখল করে বসে বাজার। শহরের হৃৎপিণ্ড চাষাঢ়ায় সারাক্ষণই বাস, ট্রাকসহ যানবাহনের ছোটাছুটি, যানজট।
প্রাচ্যের ড্যান্ডি-খ্যাত নারায়ণগঞ্জে পাটের ব্যবসার রমরমা অবস্থা এখন নেই। আদমজী জুট মিলের জায়গায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্যানুযায়ী, জেলায় ২ হাজার ৯১৮টি শিল্পকারখানা আছে। এর মধ্যে ৩৫০টি রপ্তানিমুখী নিট পোশাক কারখানা, ১৭৭টি টেক্সটাইল, ২০৮টি হালকা প্রকৌশল কারখানা। শহরের পাশেই বিসিক হোসিয়ারি শিল্পনগরীতে চার শতাধিক কারখানায় কর্মরত আছেন প্রায় সোয়া দুই লাখ শ্রমিক। পাইকারি আড়ত, জাহাজ মেরামত কারখানাসহ বিভিন্ন কারখানা মিলিয়ে দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ।
শিল্পকারখানার কল্যাণেই নারায়ণগঞ্জ জেলায় দারিদ্র্য নেই বললেই চলে। বিসিক হোসিয়ারি শিল্পনগরীর এমবি নিট ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ হাতেম বললেন, ‘গত কয়েক বছরে নারায়ণগঞ্জে অনেক শিল্পকারখানা হয়েছে। সে জন্য শহরে বেকার মানুষের সংখ্যা একেবারেই কম; বরং কারখানার পদ শূন্য থাকার পরও আমরা শ্রমিক পাচ্ছি না।’
নারায়ণগঞ্জের মানুষের বিনোদনের জায়গা কম। সিটি করপোরেশন বাবুরাইল খাল পুনঃখননের কাজ করছে। সেখানে জিমখানা লেক ও বিনোদন পার্ক হচ্ছে। লেকের পাড়ে হাঁটার পথ ও বসার জায়গা নির্মাণকাজ শেষ। একটি ব্রিজের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি। আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের নির্মাণ শেষ। শায়েস্তা খান রোডে শিল্পকলা একাডেমির নির্মাণকাজ চলছে।
রেললাইনের পাশে বিখ্যাত বোস কেবিন এখনো জমজমাট। খাসির মাংসের কাটলেট, ডিম টোস্ট কিংবা চা খেতে ভিড় করেন অনেকেই।
শহরের একটি বড় অংশের মানুষ বর্ষা এলেই জলাবদ্ধতায় কষ্ট করেন। জেলা কারাগারের উল্টো দিকের এলাকায় গিয়ে দেখা গেল, সড়কের ওপর বালুর বস্তা ফেলে উঁচু করা হয়েছে। সড়কের দুই পাশে পানি। প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা মজিবুল হক বললেন, বর্ষায় অধিকাংশ দিন হাঁটুপানি ডিঙিয়ে বাসায় যেতে হয়। গত কয়েক দিন বৃষ্টি না হওয়ায় পানি একটু কমেছে।
শীতলক্ষ্যার গা-ঘেঁষা শহরের ওপারে বন্দর এলাকা। সেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ শহরে আসেন, কাজ শেষে ফিরে যান। কিন্তু ঘাটে যাওয়ার রাস্তা কাদায় মাখামাখি। ঘাটের ইজারাদারকে দুই টাকা ও নৌকায় দুই টাকা ভাড়া দিয়ে তবেই বন্দরে অবতরণ। এলাকাটিতে শহরের ছোঁয়া খুব একটা লাগেনি।
বর্ষায় শীতলক্ষ্যার পানি টলমলে। দুই পাশে মালবাহী জাহাজ নোঙর করে আছে। শহরের গুমোট পরিবেশ এখানে নেই। প্রাণভরে নিশ্বাস নেওয়া যায়। সঙ্গে থাকা সহকর্মী ফটোসাংবাদিক দিনার মাহমুদ বললেন, ‘বর্ষা শেষ হলেই কিন্তু নাকে রুমাল দিয়ে নদী পার হতে হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর-পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহনে শৃঙ্খলা আনা ও বিনোদনের ব্যবস্থা করাই নারায়ণগঞ্জের মূল চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু সড়ক ঘিরেই নারায়ণগঞ্জের অধিকাংশ কর্মকাণ্ড পরিচালিত হয়। পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কোনো মহাপরিকল্পনা হয়নি। সে জন্য যানজট নিত্যসঙ্গী। তিনি বলেন, একটি শহরে ৪৫ শতাংশ পাবলিক স্পেস থাকা দরকার। ২৮টি খাল পুনরুদ্ধার করা গেলে এই সমস্যার কিছুটা সমাধান সম্ভব। সিটি করপোরেশন এসব নিয়ে কাজ করছে।