ধনীরা আরও ধনী, গরিবরা আরও গরিব হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়া উদারবাদ দেশের ভেতরে যেমন আয় ও সম্পদের বৈষম্য বৃদ্ধি করেছে, তেমনি সারা বিশ্বে এক ধরনের অসম বিশ্বায়ন প্রক্রিয়ার জন্ম দিচ্ছে। এর ফলে ধনীরা আরও ধনী ও গরিবরা আরও গরিব হচ্ছে।

‘দক্ষিণ এশিয়ার নব্য উদারবাদ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুুরী সিনেট ভবনে দুদিনব্যাপী এই সেমিনার শুরু হয়।

সামাজিক বৃদ্ধিবৃত্তি চর্চার সংগঠন বাঙলার পাঠশালা ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করেছে। কাল শনিবার দুটি অধিবেশনের মাধ্যমে এই মতবিনিমিয় সভা শেষ হবে।

সেমিনারের প্রথম দিনে আজ দক্ষিণ এশিয়ার নব্য উদারবাদের ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মোফাখখারুল ইসলাম। এই অধিবেশনে নব্য উদারনৈতিক ভারতে আদি ধনার্জন, ভূমি গ্রাস ও জনপ্রতিরোধ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র গবেষক স্বপন আদনান। তিনি প্রবন্ধে বলেন, নব্য উদারবাদের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা বিলীন হয়ে যাচ্ছেন। ধনীরা আরও ধনী হচ্ছে। গরিবেরা আরও গরিব হচ্ছে। এই অধিবেশনে নব্য উদারতাবাদ ও স্থানীয় সংস্কৃতি নিয়ে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের গবেষক সুদেষ্ণা চক্রবর্তী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ তাঁর প্রবন্ধে বলেন, ‘১৯৯০ সালে “সমাজতন্ত্রের সংকট” নিরসনের জন্য নয়া উদারতাবাদেও তথাকথিত পলিসি প্যাকেজ হাজির করে বিশ্বব্যাংক ও আইএমএফ। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদির ভারত এবং শেখ হাসিনার বাংলাদেশ কি আজ একই পথে আগাচ্ছে?’

প্রথম অধিবেশনে আলোচনা করতে এসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার পর যে চারটি মূলনীতি নিয়েছিল তার একটি সমাজতন্ত্র। সেই ’৭২ সালে অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ বিশ্বব্যাংককে না করতে পেরেছিলেন। কিন্তু সমাজতন্ত্র থেকে ক্রমেই সরে এসেছি আমরা। আর এর সুযোগ নিয়েছে স্বাধীনতাবিরোধীরা। এরপর আমরা পুঁজিবাদের দিকে যাই। এখন একদিকে দেশে দামি গাড়ি, আরেকদিকে গরুর গাড়ি দুটোই চলছে। উত্পাদনশীলতার অর্থনীতি থেকে এখানে লুটপাট বেশি হচ্ছে।’

দ্বিতীয় অধিবেশনে নব্য উদারবাদের পরিবেশ সংকট নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সমাজবিজ্ঞানী কে এ এম সা’দউদ্দিন। এই অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হয়।

নব্য উদারাবাদের রাজনৈতিক অর্থনীতি নিয়ে তৃতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন এম এম আকাশ। এ অধিবেশনে আলোচক হিসেবে যোগ দিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘মুক্তবাজার অর্থনীতির কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা আজও পুষিয়ে নেওয়া যাচ্ছে না। বিশ্বায়নের ফলে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে অগ্রগতি অর্জন করবে আশা করা হয়েছিল। কিন্তু নব্য উদারবাদের ফলে ওপরের মানুষের অগ্রগতি হয়েছে ঠিকই কিন্তু যারা দরিদ্র বা সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির ছিল, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

‘নব্য উদারবাদ: ভাষা, শিক্ষা, গণমাধ্যম, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মূল্যবোধের সংকট’ শীর্ষক চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। কথাসাহিত্যিক জাকির তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম ও বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন আল রশীদ ও সাহিত্যিক অদিতি ফাল্গুনী এই অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন।