ধনু নদী প্রভাবশালীদের দখলে, জেলেদের মাছ ধরতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলায় ধনু নদীতে মাছ ধরতে পারছেন না জেলেরা। প্রভাবশালী ব্যক্তিরা ইজারার নামে ঘের সৃষ্টি করে নদী দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বাধার কারণে মাছ ধরতে না পারায় দরিদ্র জেলেরা মানবেতর জীবন যাপন করছেন।সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ধনু নদীতে বাঁশের বেড়া দিয়ে গাছের ডালপালা ফেলে ঘের সৃষ্টি করে রেখেছে একটি শক্তিশালী চক্র। তারা সাধারণ জেলেদের মাছ ধরতে বাধা দিচ্ছে। ইজারার ভয় দেখিয়ে তারা মোহনগঞ্জের গাগলাজুর বাজার ও মান্দারবাড়ি গ্রাম এবং খালিয়াজুরী উপজেলার নাউটানা, ফরিদপুর, জহন্নাথপুর, আসাদপুর, শালদীঘা, হাতিলাসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ধনু নদীতে মাছ ধরতে দিচ্ছে না বলে একাধিক জেলে ও স্থানীয়রা অভিযোগ করেছেন। এ চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন শহীদ, আবু তাহের, ফারুক, রতন, পলাশ, কাজল চৌধুরীসহ আরও অনেকে। তাঁরা সবাই গাগলাজুর গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে প্রথম আলোকে জানান, মাছ ধরা ও বিক্রি করাই তাঁদের একমাত্র পেশা। এ দিয়েই তাঁদের সন্তানের লেখাপড়া ও সংসারের খরচ চলে। এই বাধার কারণে মাছ ধরতে না পারায় তাঁদের এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।আওয়ামী লীগের সমর্থক কাজল চৌধুরী এ ব্যাপারে বলেন, রবীন্দ্র বর্মণ সমিতির নামে পাঁচ-সাত মাস আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ধনু নদীর ওই সব এলাকা ইজারা নেওয়া হয়েছে। তবে কত টাকা দিয়ে ইজারা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।মোহনগঞ্জের মান্দারবাড়ি গ্রামের মো. তৌফিক আহমেদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মিলে নদীতে মাছ ধরতে নিষেধ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. মিজানুর রহমান সরকার জানান, ইজারাবহির্ভূত কোনো জায়গায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক আনিস মাহমুদ প্রথম আলোকে বলেন, চলমান ধনু নদীর ওই সব অংশের ইজারা দেওয়া হয়নি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।