ধনুষ্টঙ্কার-আতঙ্কে রোগীদের ঠাঁই বারান্দায়

ধনুষ্টঙ্কার-আতঙ্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি পুরুষ ওয়ার্ডটি বন্ধ করে দেওয়ায় ওই ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীদের ঠাঁই হয়েছে বারান্দায়। কেননা, হাসপাতালে নেই অতিরিক্ত জায়গা। গতকাল মঙ্গলবার রাত থেকে এ ঘটনা।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাতে হাসপাতালের সার্জারি পুরুষ ওয়ার্ডে মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের অমল চন্দ্র রায় (৬০) ধনুষ্টঙ্কারে (টিটেনাস) আক্রান্ত হন। তাঁকে দ্রুত হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এদিকে, ধনুষ্টঙ্কারে পুরো ওয়ার্ড সংক্রমিত হওয়ার আশঙ্কায় সেখানকার ৫৯ জন রোগীকে চারতলায় ওই ওয়ার্ডের বাইরে বারান্দায় রাখা হয়। কেননা, অস্ত্রোপচার হয়ে গেছে এমন রোগীদের জীবাণুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি।
আজ বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, রোগীদের খোলা বারান্দায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীদের কয়েকজন অভিযোগ করেন, বারান্দায় তাঁদের পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করছে। ফলে তাঁদের কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বারান্দায় ঠাঁই হওয়া একজন রোগী গঙ্গাচড়ার নওশা মিয়া বলেন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে। বারান্দায় এসে কষ্ট হচ্ছে। তারাগঞ্জের শফিকুল ইসলাম বলেন, বারান্দা দিয়ে খালি মানুষ হাঁটাচলা করে। খোলামেলা হওয়ায় ধুলা ওড়ে। আরও অনেকে এমন অভিযোগ করেন।
সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান সৈয়দ আবু তালেব প্রথম আলোকে বলেন, ধনুষ্টঙ্কার রোগটি সংক্রামক ব্যাধি। অন্য রোগী আক্রান্ত হওয়ার আশঙ্কা এবং ওয়ার্ডটি জীবাণুমুক্ত করার জন্য তাদের ওয়ার্ড থেকে বাইরে বের করে বারান্দায় রাখা হয়। এখানেও তাদের অন্যান্য জীবাণুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু হাসপাতালে আর কোনো জায়গা না থাকায় এ মুহূর্তে তাঁদের আসলে কিছু করার নেই। তিনি আরও বলেন, ওয়ার্ডটি জীবাণুমুক্ত হতে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় লাগে। কখনো কখনো এর বেশি সময়ও লাগতে পারে।
২০১১ সালেও ধনুষ্টঙ্কার-আতঙ্কে এভাবে রোগীদের বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।