ধনুষ্টঙ্কারে আক্রান্ত দুই রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের দুই রোগী ধনুষ্টঙ্কারে আক্রান্ত হওয়ার পর সার্জারি ওয়ার্ড খালি করে শ খানেক রোগীকে পাঠানো হয় হাসপাতালের করিডর ও বারান্দায়। গতকালের ছবি l প্রথম আলো
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের দুই রোগী ধনুষ্টঙ্কারে আক্রান্ত হওয়ার পর সার্জারি ওয়ার্ড খালি করে শ খানেক রোগীকে পাঠানো হয় হাসপাতালের করিডর ও বারান্দায়। গতকালের ছবি l প্রথম আলো

সার্জারি ওয়ার্ড খালি করে শ খানেক রোগীকে পাঠানো হয়েছে হাসপাতালের করিডর ও বারান্দায়। রুটিন ভর্তি ও অস্ত্রোপচার বন্ধ রেখে ওই ওয়ার্ড জীবাণুমুক্ত করার কাজ চলছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ চিত্র দেখা যায়।
সার্জারি বিভাগের দুই রোগী ধনুষ্টঙ্কার বা টিটেনাসে আক্রান্ত হওয়ার পর অন্য রোগীদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। চিকিৎসকেরা বলছেন, ওই দুই রোগী অস্ত্রোপচারের পর ঈদের আগে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়িতে যান। ফেরার পর হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁদের ওই অস্ত্রোপচারের সেলাই কাটার সময় ধনুষ্টঙ্কার ধরা পড়ে। কর্তৃপক্ষ জরুরি সভা করে ওই দুজনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ধনুষ্টঙ্কারে আক্রান্ত রোগীরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহদীপুর গ্রামের মো. সাজেদুর রহমান এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের সিরাজ উদ্দিন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান পার্থসারথি রায় প্রথম আলোকে বলেন, সিরাজ উদ্দিনের হার্নিয়া এবং সাজেদুর রহমানের পিঠের ডান দিকে একটি টিউমার অপসারণের জন্য ১৫ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয়। ধনুষ্টঙ্কার ধরা পড়ার পর তাঁদের দুজনকেই গত সোমবার সকালে স্থানান্তর করা হয় দিনাজপুর জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের পর আট দিন ওই দুই রোগী সুস্থই ছিলেন। হাসপাতাল তাঁদের ছাড়তে চায়নি। রোগীর অভিভাবকেরা লিখিত দিয়ে নিজ দায়িত্বে রোগীদের বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে তাঁদের শরীরে জীবাণুর সংক্রমণ হয়ে থাকতে পারে। কিন্তু হাসপাতালের বাকি রোগীরা যাতে ধনুষ্টঙ্কারের জীবাণুতে আক্রান্ত না হয়, তা নিশ্চিত করার জন্য সোমবার সকাল থেকে হাসপাতালের সাধারণ সার্জারি বিভাগের দুটি ওয়ার্ডে (পুরুষ ও মহিলা) জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

>দিনাজপুর মেডিকেলে ওয়ার্ড জীবাণুমুক্ত করতে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে করিডর ও বারান্দায়

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৪১ জন নারী ও ৬২ জন পুরুষ রোগীকে ওয়ার্ড থেকে সরিয়ে বারান্দা ও করিডরে বিছানা করে রাখা হয়েছে। চারটি অপারেশন থিয়েটার, থিয়েটারের যন্ত্রপাতি এবং ওয়ার্ড দুটিকে জীবাণুমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, তাতে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জীবাণুমুক্ত করার কাজ সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে সার্জারি ওয়ার্ডে রুটিন রোগী ভর্তি এবং অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি বিভাগ এবং এর অপারেশন থিয়েটার চালু রয়েছে।
ধনুষ্টঙ্কারে আক্রান্ত সিরাজ উদ্দিনের মা আবেজা খাতুন বলেন, ‘একই দিনে দুই রোগীর অপারেশন হইছিল। ডাক্তাররা ছুটি দিবা চাহেছল না। রুগী হাঁটাচলা, খাওয়া-দাওয়া স্বাভাবিক করেছলো। দুই দিন পর ঈদ। মনে করিনো, রুগী তো ভাল হই গেইছে। বাড়িত যাই সবায় মিলি ঈদ করি পরে হাসপাতালত আসি সিলাই কাটি বাড়িত যামো। দরকার হইলে দুই দিন হাসপাতালত থাকিমো। ডাক্তারের কথা না শুনি আইজ মরণদশা হইল।’
দিনাজপুরের সিভিল সার্জন মো. ইমদাদুল হক বলেন, দুজন রোগীকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের সারিয়ে তুলতে চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করছেন।