ধনেপাতায় অভাব জয়
একসময় অভাবের সঙ্গে লড়াই করা বাদল তঞ্চঙ্গ্যা (৩৮) এখন লাখপতি। অন্যের জমিতে ধনেপাতা চাষ করে এখন তাঁর আয় বছরে পাঁচ লাখেরও বেশি। কেবল বাদল নয়, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় বেশ কয়েকটি পরিবার ধনেপাতা চাষ করে সচ্ছলতার মুখ দেখেছে।
গত ৩০ আগস্ট সাক্রাছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, ঘাগড়া বড়ইছড়ি সড়কের পাশে ধনেপাতা খেতে নিজের স্ত্রী, বিদ্যালয়ে পড়ুয়া মেয়ে ও অপর পাঁচজন শ্রমিক নিয়ে কাজ করছেন বাদল তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, ‘একসময় চাষের জমির অভাবে প্রায় বেকার থাকতে হতো। দুই ছেলেমেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারতাম না।’
ওয়াগ্গা ইউনিয়নে ছোট পাগলি নামের একটি গ্রামে থাকতেন বাদল। চার বছর আগে গ্রামের বিভিন্নজনের কাছ থেকে অল্প জমি নিয়ে ধনেপাতা চাষ শুরু করেন। এর পরই বদলে যায় তাঁর জীবন। সংসারে ফিরে আসে সচ্ছলতা। এ বছর এক আত্মীয়র কাছ থেকে ৮০ শতাংশ জমি পেয়ে স্থায়ীভাবে চলে আসেন একই ইউনিয়নের সাক্রাছড়িতে। সেই জমিতে ধনেপাতার চাষ করেছেন এখন।
স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, ‘বিলাতি ধনিয়া’ নামে পরিচিত ধনেপাতা চাষ করে পরিবারে সচ্ছলতা আনা সম্ভব। ঔষধি গুণসম্পন্ন মসলাজাতীয় এই ফসল চাষে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। নভেম্বর থেকে জানুয়ারিতে বীজ বপন করে জুলাই-আগস্ট থেকে ফসল তোলা শুরু করা যায়।
বাদল তঞ্চঙ্গ্যা জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ধনেপাতার পাইকারি ব্যবসায়ীরা তাঁদের অগ্রিম টাকা দেন। নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে ধনেপাতা চাষ করেন। এ বছর জমির এক বছরের ভাড়া বাবদ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া জমি তৈরি, বীজ কেনা, ছাউনি দেওয়া, সার-কীটনাশক প্রয়োগ, সেচব্যবস্থা ও শ্রমিকের বেতন মিলিয়ে মোট খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা।
লাভের হিসাব দিয়ে জানান, খেত থেকে ইতিমধ্যে দুইবারে সাত হাজার কেজি ধনেপাতা তুলেছেন। সব মিলিয়ে এই মৌসুমে ধনেপাতা পাওয়া যাবে প্রায় ১৫ হাজার ৫০০ কেজি। প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করে নয় লাখ ৫০ হাজার টাকার মতো আয় হবে। ধনেপাতার পাশাপাশি খেতের আলে চাষ করেছেন কচু, লাউ, শসা, শিম, ঝিঙে ও পুঁইশাক। এসব সবজি বিক্রি করেও কিছু আয় হচ্ছে।
একই ইউনিয়নের সাপছড়ি এলাকার বাসিন্দা ইন্দুলাল তঞ্চঙ্গ্যাও (৬২) ধনেপাতার চাষ করে অভাব দূর করেছেন। তিনি জানান, মাত্র ছয় শতাংশ জমিতে ধনেপাতা চাষ করে আয় করেছেন এক লাখ ১০ হাজার টাকা। চাষে খরচ হয়েছে মাত্র ৪০ হাজার টাকা।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবে, ওয়াগ্গা ইউনিয়নসহ কাপ্তাই উপজেলায় বিলাতি ধনিয়ার চাষ হচ্ছে ৬০ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) তরুণ ভট্টাচার্য বলেন, রাঙামাটি জেলায় যে কয়টি অর্থকরী ফসলের সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে ‘বিলাতি ধনিয়া’ অন্যতম। যে কেউ ঠিকমতো চাষ করলে ভালো ফলন পেতে পারে।