ধন্যবাদ কারেন্ট!
বিদ্যুতের আসা-যাওয়ার লুকোচুরিতে অতিষ্ঠ কিশোরগঞ্জের তাড়াইলের মানুষ। এরই মধ্যে শ্রীলঙ্কায় চলতে থাকা টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা টেলিভিশনে দেখার জন্য শুরু থেকেই লোডশেডিংয়ের কারণে বিরক্ত দর্শক। প্রতিদিন খেলা শুরুর পর বিদ্যুতের যাওয়া-আসার খেলা নিয়েই যত চিন্তা ক্রীড়ামোদি ব্যক্তিদের। কিন্তু গত বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান সেমিফাইনাল খেলার সময় লোডশেডিং হয়নি বললেই চলে। খেলার শুরু থেকে টানা বিদ্যুৎ সরবরাহ করে পাকিস্তানের ইনিংসে শেষ ৯ বল থাকা অবস্থায় বিদ্যুৎ চলে যায়। এ সময় দর্শকেরা কিছুটা হতাশ হন। কিন্তু মিনিট খানেক পর বিদ্যুৎ চলে আসায় দর্শকেরা যারপরনাই খুশি হন। রাউতি বাজারে চায়ের দোকানে খেলা দেখেন আইসক্রিম বিক্রেতা লিটন মিয়া (৪০)। খেলা শেষে খুশিতে লাফিয়ে উঠে তিনি বলেন, ‘আউজগা শান্তিমতো কেলা দেকতাম পারছি, ধন্যবাদ কারেন্ট!’ এ সময় বাজারে উপস্থিত দুই শতাধিক দর্শককে আনন্দিত দেখা যায়। যোগাযোগ করা হলে তাড়াইল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘প্রয়োজনের তুলনায় জোগান কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে ওই রাতে বিদ্যুতের সরবরাহ ভালো থাকায় দর্শকেরা খেলা দেখতে পেরেছেন। এতে আমরাও খুশি।’