ধন্যবাদ জেসমিন আপা
>জেসমিন আক্তার তাঁর এলাকার প্রায় অর্ধশত মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেন। কোনো মেয়ের বাল্যবিবাহ হচ্ছে শুনলেই ছুটে যান সেখানে। প্রয়োজনে সাহায্য নেন প্রশাসন, পুলিশ ও সহকর্মীদের
জেসমিন তখন দশম শ্রেণির ছাত্রী। এ সময় মা-বাবা বিয়ে দিয়ে দিলেন। তাঁর ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবেন। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। এখন অন্য মেয়েদের স্বপ্ন যেন ভেঙে না যায় সে জন্য বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করছেন জেসমিন।
জেসমিন আক্তার (৩৯) এলাকাবাসীর কাছে ‘জেসমিন আপা’ নামে পরিচিত। প্রায় ২৪ বছর ধরে নিজের প্রচেষ্টায় তিনি তাঁর এলাকার প্রায় অর্ধশত মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেন। কোনো মেয়ের বাল্যবিবাহ হচ্ছে শুনলেই ছুটে যান সেখানে। প্রয়োজনে সাহায্য নেন প্রশাসন, পুলিশ ও সহকর্মীদের।
জেসমিনের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামে। বাবা আবদুল খালেক মৃধা। আর স্বামীর নাম লোকমান হোসেন হাবিব। জেসমিন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপজেলা সদরের মানবাধিকার ও আইন শিক্ষা কর্মসূচির সেবিকা (মাঠকর্মী)।
জেসমিন আক্তারের বাড়িতে গিয়ে নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ১৫ বছর বয়সে বাবা-মা বিয়ে দিয়ে দেন। অল্প বয়সে সন্তানের মা হন। এদিকে, শাশুড়ির আপত্তিতে বন্ধ হয়ে যায় লেখাপড়া। তাঁর ইচ্ছা ছিল বিএ পাস করে ভালো চাকরি করার। নিজের পায়ে দাঁড়ানোর। তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু তিনি হাল ছাড়েননি। ১৯৯৩ সালের জানুয়ারিতে স্থানীয় ব্র্যাক কার্যালয়ে সেবিকা হিসেবে কাজ শুরু করেন। ব্র্যাকের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বাল্যবিবাহ, ইভ টিজিং ও যৌতুকের কুফল সম্পর্কে জানতে পারেন। তিনি স্থির করেন বাল্যবিবাহের বিরুদ্ধে লড়বেন।
এরপর নিজ উদ্যোগে ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকে উপজেলার নবকলস, মুনছবদি, ঢাকিরগাঁও, উত্তর, মধ্য ও দক্ষিণ দিঘলদী, শিলমন্দি, নলুয়াসহ আশপাশের গ্রামে বাল্যবিবাহ বন্ধ করতে নানা উদ্যোগ নেন। এ কাজে পুলিশ ও প্রশাসনের সাহায্য নিয়েছেন। মেয়েদের অভিভাবককে বুঝিয়ে নিজেও অনেক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেছেন। এ ছাড়া গ্রামে গ্রামে গিয়ে তিনি যৌতুক, ইভ টিজিং ও মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছেন। নিজ বাড়িতেও উঠানেও এ বিষয়ে নানা বৈঠক করেন।
জেসমিনের নিজের চার ছেলেমেয়ে। তাদেরও জানিয়েছেন বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে। বড় ছেলে কলেজে পড়ছে। আর বড় মেয়ে কানিজ ফাতেমা একাদশ শ্রেণির ছাত্রী। বাকি দুই ছেলে ছোট। পরিবারের লোকেরা সব সময় তাঁকে সহযোগিতা করছেন।
গত বছর বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া নবকলস গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী মুক্তা আক্তার, নলুয়া গ্রামের অষ্টম শ্রেণির সুমি আক্তার ও ঢাকিরগাঁও গ্রামের অষ্টম শ্রেণির হাছিনা আক্তার বলেন, তাদের মা-বাবা তাদের অমতে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে জেসমিন আপা তাদের বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করেন। এখন তারা আবার পড়ালেখা করছে।
নবকলস, নলুয়া ও উত্তর দিঘলদী গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, জেসমিন আপার চেষ্টায় তাঁদের গ্রামের অনেক মেয়ে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে অনেক মেয়ে গোপনে জেসমিন আপাকে ফোন করে সাহায্য চায়।
উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক মো. তসলিম এবং আইন শিক্ষা কর্মকর্তা পারভিন আক্তার বলেন, বাল্যবিবাহ বন্ধে জেসমিন নিরলস শ্রম দিচ্ছেন। এটা তাঁর লড়াকু মানসিকতার পরিচয়। তিনি সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত।
মতলব দক্ষিণ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমেনা বেগম বলেন, সামাজিক কাজের জন্য গত বছরে জেসমিনকে ‘জয়িতা’ নির্বাচিত করে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জেসমিনের প্রচেষ্টা ইতিবাচক। প্রশাসন থেকেও তাঁকে সাহায্য করা হচ্ছে।
জেসমিন বলেন, শুধু নিজের কয়েকটি এলাকা নয়, গোটা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে চান তিনি। প্রশাসন ও পুলিশের সহযোগিতা পেলে আরও বড় আঙ্গিকে তিনি এ কাজ করতে পারবেন।
কিন্তু সবাই কি তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন? জবাবে জেসমিন বলেন, কাজ করতে গিয়ে তাঁকে প্রায়ই অপমানিত হতে হয়েছে। মানুষ ভর্ৎসনাও করেছে। অনেক মেয়ের মা-বাবা তাঁকে নানাভাবে অপমান করেছেন। কিন্তু তাতে কষ্ট নেই। কারণ, বিপরীতে পেয়েছেন মানুষের ভালোবাসাও। বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়ে অনেক মেয়ে মুঠোফোনে বা তাঁর সঙ্গে দেখা করে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।