প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধমক দিয়ে কথা বলতে বারণ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু গালাগাল করেন, ধমক দিয়ে কথা বলেন। কিন্তু তাঁর জানা উচিত এ দেশের কেউ তাঁর প্রজা নয়।
গতকাল শনিবার বিকেলে বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বি. চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘মনে রাখবেন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে আপনার অধীনে নির্বাচন করার স্বপ্ন পূরণ হবে না। ’
বি. চৌধুরী বলেন, সরকারের ‘পায়ে ধরা’ পররাষ্ট্রনীতির কারণে ফেলানী হত্যার বিচার যেমন হয়নি, তেমনি তিস্তার পানি বণ্টন ও সীমান্ত চুক্তি পর্যন্ত করতে পারেনি এ সরকার। বিকল্পধারা ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, স্থপতি মাহফুজুর রহমান প্রমুখ।