সৈয়দপুরের উত্তরা আবাসন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
ধরন কোডের ভুলে সরকারীকরণ হচ্ছে না বিদ্যালয়টি
ধরন কোডে ভুল থাকায় নীলফামারী সৈয়দপুরের উত্তরা আবাসন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারীকরণ হচ্ছে না। কীভাবে ওই ভুল হলো, সেটি বুঝতে পারছে না জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ও।
ওই বিদ্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সৈয়দপুর শহরের ঢেলাপীর এলাকায় ১ হাজার পরিবারের জন্য ২০০৩ সালে উত্তরা আবাসন প্রকল্প গড়ে ওঠে। ওই আবাসনটি দেশের বৃহত্তম প্রকল্প। এখানে বসবাসরত শিশুদের জন্য ২০০৯ সালের একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এ জন্য উত্তরা আবাসনের ৫০ শতক জমি আওতায় নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় উত্তরা আবাসন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে সরকার বেসরকারি বিদ্যালয়গুলো জাতীয়করণের উদ্যোগ নিলে ওই প্রতিষ্ঠানটির তালিকাভুক্ত হয়। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে জেলা যাচাইবাছাই কমিটি সর্বশেষ ২০১৫ সালের ১১ জুন ওই বিদ্যালয়কে সরকারীকরণে সুপারিশ করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক বলেন, উত্তরা আবাসন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি তৃতীয় পর্যায়ে সরকারীকরণের সুপারিশ করা হয়েছিল। তৃতীয় পর্যায়ে সুপারিশ করা সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ হলেও ঝুলে আছে বিদ্যালয়টি। এর কারণ প্রসঙ্গে তিনি বলেন, ভুলক্রমে বিদ্যালয়টির ধরন কোড ১০-এর স্থলে ৬ হয়ে যায়। ধরন ১০ হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর ৬ হচ্ছে কিন্ডারগার্টেন। উত্তরা আবাসনের প্রাথমিক বিদ্যালয়টি কখনোই কিন্ডারগার্টেন ছিল না। কিন্তু কীভাবে ধরন কোড পাল্টে গেল, তা বোধগম্য নয়। বিষয়টি তিনি জাতীয়করণ-সংক্রান্ত টাস্কফোর্সকে জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামীন আরশাদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টিতে চারজন শিক্ষক বিনা বেতনে এত দিন চাকরি করছিলেন। এর মধ্যে একজন চলে গেছেন। বাকি তিনজন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস নেন। বিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। এদিকে ধরন কোডে ভুলের কারণে বিদ্যালয়টি সরকারীকরণও হচ্ছে না। তাই কবে আমাদের বেতন মিলবে, তা বুঝতে পারছি না। ধরন কোড সংশোধনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’