ধরমপাশা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল আউয়াল তালুকদারের বিরুদ্ধে এবার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই অফিস সহকারীকে মারধর ও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এর আগে তিনি এক উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে তাঁর কথামতো বিলে স্বাক্ষর না করায় হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছিলেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার চামারদানী ইউনিয়নের দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতিরঞ্জন তালুকদার অন্যত্র বদলির জন্য গত ২৯ ফেব্রুয়ারি আবেদন করেন। এরপর গত ১৩ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁর বদলির আবেদন অনুমোদন করেন। বিদ্যালয়টি উপজেলা চেয়ারম্যানের গ্রামে হওয়ায় তিনি এ খবর পেয়ে ক্ষুব্ধ হন। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই অফিস সহকারী আজহারুল ইসলাম ও আবদুল কদ্দুছকে ডেকে গালমন্দ করেন। গালমন্দের বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পীযূষ কান্তি মজুমদার গত সোমবার সন্ধ্যায় ওই দুই সহকারীকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে যান। চেয়ারম্যান তাঁদের দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে শিক্ষা কর্মকর্তার সামনেই সহকারীদের চড়-থাপড় মারেন। এ নিয়ে রাতে উপজেলা প্রশাসন কর্মকর্তা বৈঠক করেছেন।আজহারুল ইসলাম ও আবদুল কদ্দুছ বলেন, ‘আমাদের দেখেই তিনি ক্ষিপ্ত হয়ে চড়-থাপড় মারতে শুরু করেন। পরে আমরা ঘর থেকে বের হয়ে আসি।’ শিক্ষা কর্মকতা পীযূষ কান্তি মজুমদার মারধরের বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের একটি সভায় এলে বংশীকন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদকে সামনে পেয়ে আবদুল আউয়াল অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। রাসেল আহমদ বলেন, ‘আমি ৪০ দিনের কর্মসূচির একটি সভায় উপজেলা পরিষদে এসেছিলাম। উপজেলা চেয়ারম্যানের সামনে পড়তেই তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগলা শুরু করেন। পরে ইউএনও বিষয়টি মিটমাট করে দেন।’ এ ব্যাপারে আবদুল আউয়াল বলেছেন, ‘ওই দুই কর্মচারীর বিরুদ্ধে বদলি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আমি তাঁদের গালমন্দ করেছি। গায়ে হাত তুলিনি।’ ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর গতকাল উপজেলা চেয়ারম্যান ওই দুই অফিস সহকারীকে সান্ত্বনা দিয়ে খুশি করেছেন।প্রসঙ্গত, আবদুল আউয়াল তালুকদারের কথামতো বিলে স্বাক্ষর না করায় গত বছরের ১১ আগস্ট তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাঁর কক্ষে ঢুকে হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি।