ধরমপাশা উপজেলা ছাত্রলীগে স্থবিরতা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি তিন বছর আগে গঠিত হয়েছে। কিন্তু তা এখনো জেলা কমিটির অনুমোদন পায়নি। ফলে উপজেলায় সাংগঠনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। সভাপতি পদে স্থানীয় সাংসদের ভাইকে অন্তর্ভুক্ত করায় অন্য নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে।স্থানীয় ও সাংগঠনিক সূত্র জানায়, ধরমপাশা ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল ১৯৯১ সালের ২১ ডিসেম্বর। আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদ পক্ষ এবং বর্তমান দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের কারণেই স্থানীয় ছাত্রলীগের কার্যক্রম ব্যাহত হচ্ছে।১৯৯৯ সালের ১০ জানুয়ারি ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ২০১০ সালের ২ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে মোজাম্মেল হোসেনকে সভাপতি ও মোহিতলাল তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। তবে এ কমিটি কেন্দ্রীয়ভাবে এখনো অনুমোদন পায়নি। অভিযোগ রয়েছে, মোজাম্মেল হোসেন রাজনীতিতে একেবারেই নতুন। স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের ভাই হিসেবে মোজাম্মেলকে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ দেওয়া হয়েছে। বছরের বেশির ভাগ সময় তিনি এলাকার বাইরে থাকেন। তাঁকে সভাপতি করায় সংগঠনের অনেকে ক্ষুব্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। অনুমোদনবিহীন নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কনিক আহমেদ অভিযোগ করেন, সভাপতি মোজাম্মেল কালেভদ্রে ধরমপাশায় আসেন। সংগঠনের বিভিন্ন প্রয়োজনে তাঁকে কাছে পাওয়া যায় না।তবে মোজাম্মেল হোসেন দাবি করেন, বিভিন্ন ব্যস্ততার কারণে সব সময় এলাকায় না থাকলেও নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সাংসদের ভাই বলে নয়, নিজ যোগ্যতায় তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, জেলা কমিটির নেতাদের অনুপস্থিতিতে ধরমপাশা উপজেলা ছাত্রলীগের যে কমিটি গঠন করা হয়েছে, তা বৈধ নয়। স্থানীয় কিছু নেতা-কর্মী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলেই সেটিকে সম্মেলন বলা যায় না। শিগগিরই সুষ্ঠুভাবে সম্মেলন আয়োজনের মাধ্যমে ধরমপাশা ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠন করা হবে।