ধরমপাশা ও সিলেটে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা ও সিলেট সদর উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই কিশোরী। ধরমপাশায় প্রধান শিক্ষক এবং সিলেটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে এই দুটি বাল্যবিবাহ বন্ধ হয়।

ধরমপাশা উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েটি (১৪) গলহা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গতকাল রোববার বিকেলে তার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার দুপুরে মেয়েটির বাড়িতে বিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যকে পাঠিয়ে এই বিয়ে বন্ধ করার ব্যবস্থা নেন। ওই ছাত্রীর সঙ্গে একই এলাকার এক যুবকের (২৫) বিয়ে হওয়ার কথা ছিল। দুপুরে শিক্ষক ও স্কুল কমিটির লোকজন মেয়েটির বাবা ও মাকে ডেকে এনে বাল্যবিবাহের কুফল তুলে ধরাসহ আইনে এই বিয়ের স্বীকৃতি না থাকার বিষয়টি বুঝিয়ে বলেন। মেয়েটির বাবা-মা বিয়ে বন্ধ করতে রাজি হন।

সিলেট সদর উপজেলা প্রশাসন সূত্র বলেছে, শনিবার রাতে সুরমা গেট এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী সেখানে যান। ইউএনও বর ও কনের পরিবারকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝান। একপর্যায়ে মেয়েটির বাবা-মা এবং বরের পরিবার বিয়ের বয়স হলে পরে বিয়ে দেওয়া হবে বলে সম্মত হন।