ধরমপাশা থানায় পৌঁছেছে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে লাঞ্ছিত করার মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গত বুধবার দুপুরে থানায় এসে পৌঁছেছে।
মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নানা বিষয় নিয়ে উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী রানী দাস ও সহকারী শিক্ষিকা মণি রানী তালুকদারের সঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সর্বানন্দ তালুকদারের বিরোধ চলছিল। গত ৩ মার্চ সকালে সর্বানন্দ তালুকদার সাত-আটজন লোক নিয়ে বিদ্যালয়ে গিয়ে দিপালী রানী দাস ও মণি রানী তালুকদারকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ৯ মার্চ দিপালী রানী দাস বাদী হয়ে সর্বানন্দ তালুকদারসহ পাঁচজনকে আসামি করে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১১ এপ্রিল ট্রাইব্যুনাল থেকে ওই গ্রেপ্তারি পরোয়ানা সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে তা ধরমপাশা থানার এক পুলিশ কনস্টেবলের মাধ্যমে ১৯ এপ্রিল ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত থেকে গত বুধবার দুপুরে ওই পরোয়ানা ধরমপাশা থানায় পাঠানো হয়েছে।