ধরমপাশা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লোকবল সংকট
প্রয়োজনীয় লোকবলের অভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ফলে এ কার্যালয়ে নানান কাজে আসা লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০টি ইউনিয়নে ৯৮টি সরকারি ও ৮৭টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ কার্যালয়ে পাঁচজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং একটি করে অফিস সহকারী, উচ্চমান সহকারী ও এলএমএসএসের পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ মনিরুজ্জামান মোল্লা ২০১১ সালের ৫ মে অন্যত্র বদলি হন। তখন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ মার্চ তিনিও অন্যত্র বদলি হন। এর পর থেকে ওই কার্যালয়ের আরেক সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ মণ্ডল ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অফিস সহকারী মো.আজহারুল ইসলাম বলেন, লোক কম থাকায় দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ লোকবল সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এ সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’