ধরমপাশা বিএনপি চার বছর ধরে দুই ভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। ওই দুই পক্ষের নেতারা নিজ কমিটিকে বৈধ দাবি করে পৃথকভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বেশ কিছু ত্যাগী নেতা-কর্মী দলীয় কাজকর্ম থেকে দূরে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১২ নভেম্বর সম্মেলনের মাধ্যমে রফিক চৌধুরীকে সভাপতি ও ইসতিয়াক হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই বছরের ১৫ নভেম্বর উপজেলা বিএনপির আরেকটি সমেঞ্চলন হয়। সেই সম্মেলনে আবদুল মুতালিব খানকে সভাপতি ও হাবিবুল্লাহ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি করা হয়। তখন থেকেই দলের ওই দুই অংশের নেতা-কর্মীরা আলাদাভাবে দলীয় কার্যক্রমসহ নানা কর্মসূচি পালন করছেন।
সূত্র আরও জানায়, রফিক চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটিতে দলের বেশ কিছু ত্যাগী নেতার মূল্যায়ন হয়নি। ওই কমিটির গুরুত্বপূর্ণ পদে দুজন নেতা রয়েছেন; যাঁরা এক-এগারোর সময়ে বিএনপির ‘দুর্নীতি’ ও দলীয় নেতাদের কর্মকাণ্ডকে ঘৃণা জানিয়ে দল থেকে পদত্যাগ করেছিলেন। পরে পদবঞ্চিত ও কমিটিতে স্থান না পাওয়া নেতা-কর্মীরা আরেকটি কমিটি গঠন করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা-কর্মী জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে মনেপ্রাণে বিএনপির আদর্শে বিশ্বাসী কিছু নেতা-কর্মী দল থেকে দূরে রয়েছেন। নেতা-কর্মীদের মধ্যে ঐক্য গড়তে দলের উচ্চপর্যায় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আবদুল মুতালিব খান দাবি করেন, তাঁদের কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মী রয়েছেন। এ কমিটিই বৈধ। বিএনপির দুর্দিনে তিনি দলের সঙ্গে ছিলেন। কিন্তু রফিক চৌধুরী নেতা-কর্মীদের সঙ্গে না থেকে নিজ স্বার্থে একাধিকবার দলবদল করেছেন।
তবে রফিক চৌধুরী বলেন, ‘আমাদের কমিটিই বৈধ। তৃণমূল থেকে সমেঞ্চলন করে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। জেলা ও কেন্দ্র থেকে আমাদের কমিটির অনুমোদনও রয়েছে। মুতালিব খানের গঠিত কমিটির কোনো সমেঞ্চলন হয়নি। ওদের কোনো অস্তিত্বও নেই। দলের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশ না মেনে ওরা এখন সংগঠনবিরোধী কাজে লিপ্ত।’
জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমেদ বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। বড় দলের নেতা-কর্মীদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। সংগঠনের স্বার্থে দ্রুত দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।