ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়টি নলকূপই বিকল
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কটি নলকূপই দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। ফলে চিকিৎসা নিতে আসা লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোট ছয়টি নলকূপ রয়েছে। এর মধ্যে চারটি নলকূপ প্রায় আট বছর এবং অন্য দুটি দুই বছর বিকল হয়ে রয়েছে। তাই চিকিৎসা নিতে আসা লোকজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসরত কর্মকর্তা ও কর্মচারীদের পার্শ্ববর্তী বিভিন্ন বাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রায়পুর গ্রামের পঞ্চাশোর্ধ্ব সাবেদা আক্তার বলেন, ‘চাইর দিন ধইর্যা নাতিডারে লইয়া হাসপাতালে পইড়া আছি। হাসপাতালের ভিতর কল (নলকূপ) একটাও ভালা না। মাইনষের বাড়ির থাইক্যা ফানি (পানি) আনতে অয়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল হাসিম বলেন, ‘উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেছি। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুর রব সরকার প্রথম আলোকে বলেন, ‘দরপত্র জটিলতার কারণে নলকূপ স্থাপনের কাজ শুরু করতে দেরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’