ধরমপাশা হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু থেকেই কোনো অ্যাম্বুলেন্স নেই। দুই বছর আগে এখানে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হলেও একদিনের জন্যও এটি এখানকার মানুষের কোনো কাজে আসেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ এ কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্সের দাবি জানিয়ে আসছিলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২০১১ সালের ১৬ আগস্ট একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়। চালক না থাকায় গত দুই বছরে একদিনের জন্যও এটি চালু হয়নি। এখানে নৌ-অ্যাম্বুলেন্সটি নিয়ে আসার পর বেশ কয়েক মাস ধরমপাশা থানাসংলগ্ন কংশ নদীতে রাখা হয়েছিল। বছর খানেক ধরে এটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শয়তানখালী খালের পাড়ে পড়ে রয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী কয়েকজন জানান, এখানকার মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র নিতে হলে পাশের মোহনগঞ্জ, বারহাট্টা ও নেত্রকোনা থেকে অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস ভাড়া করে আনতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীকে ময়মনসিংহ নিয়ে যেতে আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়। সড়কপথে চলাচলের জন্য একটি অ্যাম্বুলেন্স এখানে বরাদ্দ দেওয়া হলে স্বল্প খরচে রোগীদের স্থানান্তর করা সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, ‘এখানকার রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্স খুবই জরুরি। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নৌ-অ্যাম্বুলেন্সটির চালক না থাকায় এটি অব্যবহূত অবস্থায় রয়েছে।’
সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজনীতার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।