ধরমপাশায় আগুনে শিশু দগ্ধ পুড়ে গেছে ছয়টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ঢুলপুসি গ্রামে গতকাল বুধবার আগুনে ছয়জন কৃষকের ছয়টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় আপন সরকার (১) নামের এক শিশু দগ্ধ হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ঢুলপুসি গ্রামের কৃষক রতন সরকারের স্ত্রী রূপালী সরকার (৩০) গতকাল বেলা দুইটার দিকে কাপড় শুকাতে বাড়ির উঠানে যান। এ সময় ঘরের ভেতরে থাকা সৌরবিদ্যুতের ব্যাটারি বিস্ফোরিত হলে রূপালীর সন্তান আপন অগ্নিদগ্ধ হয়। আগুন ছড়িয়ে পড়লে কৃষক রতন সরকার, গোপাল সরকার, নেপাল সরকার, দুলাল সরকার, সুধীন্দ্র সরকার, যোগেন্দ্র সরকারের ছয়টি বসতঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিদগ্ধ শিশুটিকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, বসতঘরের ভেতরে ঠাকুরের আসনে থাকা জ্বলন্ত মোমবাতি সৌরবিদ্যুতের তারে লেগে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোকে সহায়তার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’