ধরমপাশায় ঈদের আগের ভিজিএফের চাল এখনো পাননি দুস্থরা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের এক হাজার ৩৬০টি পরিবার ঈদুল আজহার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল পায়নি।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিরোধ থাকায় চাল বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঈদুল আজহা উপলক্ষে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের এক হাজার ৩৬০টি দরিদ্র পরিবারের জন্য ১৩ টন ৬০০ কেজি চাল বরাদ্দ দেয়।
ঈদের আগেই প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। ওই ইউপির চেয়ারম্যান ইউনিয়ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে ২৫ সেপ্টেম্বর সভা করে একটি তালিকা তৈরি করেন। ওই ইউপির ১১ সদস্য একই দিনে সভা করে আরেকটি তালিকা তৈরি করেন। এ দুটি তালিকা ১ অক্টোবর উপজেলা পিআইওর কার্যালয়ে জমা দেওয়া হয়।
ওই ইউনিয়নের রংচী গ্রামের সোলোমা আক্তার (৫৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘চেয়ারম্যান আর মেম্বারার বেজালে লাইগ্যা আমরার এনো ঈদের আগে সরহারি ছাউল (সরকারি চাল) ফাইছি না। কামডা ভালা অইছে না। গিরবরার এইতা দেহার কী কোনো মানুষ নাই।’
বংশীকুণ্ডা দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুজন মিয়া অভিযোগ করেন, ‘ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ আমাদের কারও মতামতকে কোনো গুরুত্ব দেন না। তাই আমরা ১১ জন সদস্য সভা করে ভিজিএফের পৃথক তালিকা জমা দিয়েছি।’ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘তাঁদের (ইউপি সদস্যদের) নানান অনৈতিক কাজে সমর্থন না দেওয়ায় তাঁরা বেশ কিছুদিন ধরে আমার বিরোিধতা করে আসছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভিজিএফের সুবিধাভোগীদের পৃথক দুটি তালিকা জমা দেওয়ায় ঈদুল আজহার আগে চাল বিতরণ করা সম্ভব হয়নি। শিগগিরই উভয় পক্ষকে নিয়ে বসে সমঝোতা করে দুস্থ ব্যক্তিদের মধ্যে এ চাল বিতরণ করা হবে।