সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার খলাপাড়া, আটাইশা মাছিমপুর, মাছুয়াকান্দা ও কলুমা মাছুয়াকান্দা এই চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একজন করে শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ বছর শিক্ষার্থীর সংখ্যা ১৫৩ জন। গত বছর ছিল ১৭২ জন। প্রধান শিক্ষকের পদ দুই বছর ধরে শূন্য। গত বছরের ২৫ জুন সহকারী শিক্ষক সেলিনা আক্তার অন্যত্র বদলি হলে পদটি শূন্য হয়। এর পর থেকে সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) আবু হাসান মো. মাসুদ বিদ্যালয়টি একাই চালাচ্ছেন।
আবু হাসান মো. মাসুদ বলেন, গত তিন মাস ধরে তাঁকে একাই ওই ১৫৩ জন শিক্ষার্থীকে পাঠদান করাতে হচ্ছে। এতে অনেক সমস্যা হচ্ছে। এ কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি।
আটাইশা মাছিমপুর বিদ্যালয়ে এ বছর শিক্ষার্থীর সংখ্যা ৬৬। গত বছর ছিল ৭৫ জন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আল মাসুম প্রায় দেড় বছর আগে চাকরি থেকে অব্যাহতি নিলে পদটি শূন্য হয়। সহকারী শিক্ষক শিল্পী রানী তালুকদার গত বছরের ২৮ জানুয়ারি অন্যত্র বদলি হন। এরপর থেকে সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সুফিয়া আক্তার খাতুনই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন।
সুফিয়া আক্তার খাতুন বলেন, ‘নিরুপায় হয়ে দীর্ঘদিন ধরে আমাকে একাই সবকিছু সামাল দিতে হচ্ছে। মাসিক সভা বা অন্য কোনো কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়ে তালা মেরে যেতে হয়।’
কলুমা মাছুয়াকান্দা বিদ্যালয়ে এ বছর শিক্ষার্থীর সংখ্যা ৬৫ জন। গত বছর ছিল ৭২ জন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র তালুকদার গত বছরের ২১ জুলাই নৌ দুর্ঘটনায় মারা যান। একই বছরের ৩০ জুলাই প্রধান শিক্ষক সুপ্রভা রানী পুরকায়স্থ অবসরে যান। এতে বিদ্যালয়টি শিক্ষকশূন্য হয়ে পড়ে। পরে পাশের বালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র তালুকদারকে সেখানে প্রেষণে দেওয়া হয়।
জানতে চাইলে নারায়ণ চন্দ্র তালুকদার বলেন, ওই বিদ্যালয়ে শিক্ষক না থাকায় তাঁকে এখানে প্রেষণে দেওয়া হয়েছে। তাঁর একার পক্ষে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
মাছুয়াকান্দা বিদ্যালয়ে এ বছর শিক্ষার্থী ৭২ জন। গত বছর ছিল ৮৩ জন। প্রধান শিক্ষকের পদটি তিন বছর ধরে শূন্য। বিদ্যালয়ে দুজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক রিপা রানী রায় গত বছরের ২ জুলাই থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোহাম্মদ আলী এখন একাই সবকিছু সামলাচ্ছেন।
এ ব্যাপারে মোহাম্মদ আলী জানান, একজন শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে একাই শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী বলেন, খোঁজ নিয়ে খুব শিগগিরই ওই বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।