ধরমপাশায় তিনটি বাজার, একটি ঘাটের ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে ইজারামূল্যসহ যাবতীয় পাওনা পরিশোধ না করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার তিনটি বাজার ও একটি ঘাটের ইজারা বাতিল করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি ইজারাদারদের কাছে ডাকযোগে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বাংলা ১৪২০ সালে দরপত্রের মাধ্যমে উপজেলার বাদশাগঞ্জ বাজার তিন লাখ ১১ হাজার ১১১ টাকা, জয়শ্রী বাজার দুই লাখ ৫০ হাজার টাকা, মহিষখলা বাজার ১১ লাখ ১১ হাজার ৭৫০ টাকা এবং জয়শ্রী নৌকা ঘাট তিন লাখ ৫৫ হাজার টাকা মূল্যে ইজারা দেওয়া হয়। ইজারামূল্যসহ যাবতীয় পাওনা পরিশোধ করার জন্য বাজার তিনটির ইজারাদারদের কাছে গত ৩১ মার্চ ও জয়শ্রী নৌকা ঘাটের ইজারাদারের কাছে ২৯ মার্চ ইউএনও কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়। ওই চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে ওই পাওনা পরিশোধ না করায় ৮ জুলাই ইউএনও ইজারা বাতিল করার কথা জানিয়ে ইজারাদারদের কাছে ডাকযোগে পত্র পাঠান।
গতকাল মহিষখলা বাজারের ইজারাদার মো.আবু সাঈদ মিয়া বলেন, ‘এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো আমি পাইনি। আমার কাছে এক লাখ ৩৫ হাজার টাকা বকেয়া রয়েছে। নানা সমস্যা থাকায় এ টাকাটা পরিশোধ করতে পারিনি।’