ধরমপাশায় ফের বন্যা, তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। প্রায় এক মাস আগে বন্যায় ৫২০ হেক্টর জমির আমন পানিতে তলিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। দুদফা বন্যায় ফসলহানির ঘটনায় উপজেলার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সেলবরষ, পাইকুরাটি, ধরমপাশা সদর, সুখাইড় রাজাপুর উত্তর, বংশীকুণ্ডা উত্তর ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে চলতি মৌসুমে চার হাজার ৫৩০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই হাজার ৮৭০ হেক্টর জমির রোপা আমনের ফসল পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া গত আগস্টের শেষ সপ্তাহে আকস্মিক বন্যায় উপজেলার ১৬০ হেক্টর জমির আমনের বীজতলা ও ৩৬০ হেক্টর জমির ফসল নষ্ট হয়।
বৌলাম গ্রামের কৃষক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ধারদেনা কইর্যান পাঁচ কেয়ার (৩২ শতকে এক কেয়ার) জমিতে রোপা আমন চাষ করছিলাম। কিন্তু সর্বনাইশ্যা পানি দুইবারই জমির ফসল গিইল্যা খাইছে। অহন যে কপালে কী আছে তা ওপরওয়ালাই জানেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, আকস্মিক বন্যায় রোপা আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পানি যে অবস্থানে রয়েছে তাতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।