ধরমপাশায় বজ্রপাতে তরুণের মৃত্যু
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বজ্রপাতে আলী হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা বিদ্যুৎ সরকার (১৬) নামে আরেক কিশোর আহত হয়।
নিহত আলী হোসেন উপজেলার বংশী কুন্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামের রমজান আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে ১০-১২টি গরুকে ঘাস খাওয়াতে পার্শ্ববর্তী বানিয়াউড়া হাওর এলাকায় নিয়ে যান আলী ও বিদ্যুৎ। সাড়ে আটটার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আলী। বিদ্যুৎ গুরুতর আহত হয়। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা দুটি গরুও বজ্রপাতে মারা যায়। পরে বিদ্যুৎকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন। আলীর লাশ তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।