ধরমপাশায় ভেজাল বীজধান বিক্রির অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে দুই সপ্তাহ ধরে নিম্নমানের ভেজাল বোরো বীজধান বিক্রি করা হচ্ছে। ১৩ অক্টোবর উপজেলার নয়জন বীজ পরিবেশক (ডিলার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
ডিলারদের দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, উপজেলার বেরিকান্দি গ্রামের মো. সবুজ মিয়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কাউন্সিলের (বিএডিসি) অনুমোদিত বীজ ডিলার না হয়েও ওই ইউনিয়নের গাছতলা বাজারের একটি ঘরে ১৫ দিন আগে এক হাজার ৪০০ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি করে) বীজধান মজুত করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি বস্তা বীজধান ৩৪০ টাকা হলেও তিনি এ ভেজাল বীজধান ২৯০ টাকা দরে বিক্রি করছেন।
চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. মন্তাজ আলী বলেন, ‘দাম কম হওয়ায় এবং ধানের প্যাকেট দেখতে হুবহু এক রকম হওয়ায় আমরা ওই ব্যবসায়ীর কাছ থেকে বীজ কিনে নিচ্ছি। তবে এ বীজ আসল না নকল, তা আমরা জানি না।’
ধরমপাশা বীজধান ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সামছুল আলম জানান, কৃষকেরা তুলনামূলক কম দাম পেয়ে এ ভেজাল বীজধান কিনে নিচ্ছেন। এ অবস্থায় সরকারি অনুমোদিত ডিলার হয়েও মানসমঞ্চত বীজধান বিক্রি করতে গিয়ে তাঁদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।
তবে সবুজ মিয়া বলেন, ‘শুধু আমি একা নই, আরও কয়েকজন ব্যবসায়ী এভাবে বীজধান বিক্রি করছেন। আমি তাঁদের দেখাদেখি কিছু বীজ সংগ্রহ করে তা কৃষকদের কাছে বিক্রি করছি। এ বীজ গুণগত মানসমঞ্চত কি না বা এভাবে বীজধান বিক্রি করার বিষয়টি বৈধ না অবৈধ, তা আমার জানা নেই।’
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এভাবে বীজধান বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান জানান, এ ঘটনায় তিনি একটি অভিযোগ পেয়েছেন। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম আফসারুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খুব শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’