ধরমপাশায় সংঘর্ষে আহত দুই নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে আহত দুই নারী মারা গেছেন। সদর ইউনিয়নের দুধবহর গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তিরা হলেন হাছেন বানু (৭০) ও সাহারা খাতুন (৩৫)। তাঁরা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। হাছেন গত বুধবার সকালে ও সাহারা গতকাল শনিবার সকাল ছয়টার দিকে মারা যান।
ধরমপাশা থানার পুলিশ জানায়, দুধবহর গ্রামের সামনে প্রায় ৪৮ শতক জমি নিয়ে একই গ্রামের আল আমিন ও মুখলেছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আল আমিন লোকজন নিয়ে গত মঙ্গলবার বিকেলে ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় মুখলেছ মিয়ার স্ত্রী সাহারা ও তাঁর মা হাছেন এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাহারা ও হাছেনকে বিকেলে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ওই দিন রাতে তাঁদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতেই মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে আল আমিনকে আটক করে। এ ঘটনায় গত বুধবার মুখলেছ মিয়া একটি হত্যা মামলা করেন। গত বৃহস্পতিবার দুপুরে আল আমিনকে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুই দিনের জন্য তা মঞ্জুর করেন।