ধরমপাশায় সড়কের ব্লক নদীতে, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কের বেশ কিছু স্থানের ব্লক সরে গিয়ে নদীতে বিলীন হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ফজলুল হক সেলবর্ষী সড়কটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। এটি মনাই নদীর তীরে অবস্থিত। সাত-আট মাস আগে এ সড়টির বেশির ভাগ স্থান পাকা করা হয়। এ সড়ক দিয়ে সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী, বীর দক্ষিণ নতুনবাড়ী, পশ্চিমপাড়া, প্রচারপাড়া, মাটিকাটা, সলপ, বীর দক্ষিণ পূর্বপাড়া, পালপাড়া ও রংপুর গ্রামের মানুষ চলাচল করে। ছয়-সাত বছর আগে এলজিইডির সিবিআরএমপি প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার সড়কের মধ্যে ৪০০ মিটারে ব্লক স্থাপন করা হয়। কিন্তু প্রতিরক্ষা দেয়াল না থাকায় নদীর প্রবল স্রোতে সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে গতকাল সোমবার দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, ৪০০মিটার সড়কের তিন-চারটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সড়কের নানা স্থানে ব্লক সরে গিয়ে নদীর কিনারে পড়ে আছে।
বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রুমা আক্তার ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আতিকুর রহমান জানায়, এ সড়কের ওপর দিয়ে প্রতিদিনই তাদের আসা যাওয়া করতে হয়। সড়কটির নানা স্থানে ব্লক ফাঁকা থাকায় খুবই সতর্কতার সঙ্গে চলতে হয়। দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন।
সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আমজাদ বলেন, সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এতে তাঁর ইউনিয়নের নয়টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. নূরুল আলম চৌধুরী বলেন, সড়কটি প্রয়োজনীয় মেরামতের জন্য শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।