ধরমপাশার বিভিন্ন বাজারে ভেজাল ধানবীজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বিভিন্ন হাটবাজারে এক সপ্তাহ ধরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদনহীন ধানবীজ কৃষকের কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে বিএডিসির ২০ জন বীজ ডিলার রয়েছেন। এখানে এক হাজার ২০০ মেট্রিক টন বীজের চাহিদা থাকলেও বিএডিসি থেকে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৪৫০ মেট্রিক টন। বিএডিসি থেকে পাওয়া প্রতি ১০ কেজি ধানবীজের (এক বস্তা) মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা। কিন্তু উপজেলার বাদশাগঞ্জ, ধরমপাশা সদর বাজার, জয়শ্রী, গাছতলা, মধ্যনগর ও মহিষখলা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল বীজ সংগ্রহ করে তা প্রতি বস্তা ৩১০ থেকে ৩১৫ টাকায় বিক্রি করছেন।জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের কৃষক নূরুল আমিন (৪০) জানান, ভেজাল ও আসল বীজের প্যাকেট দেখতে একই রকম। তাই কোনটা আসল আর কোনটা নকল, বোঝা মুশকিল। ডিলারদের চেয়ে কম দামে পাওয়ায় ওই সব ব্যবসায়ীর কাছ থেকে বীজ কিনছেন কৃষকেরা। বীজ ডিলার সামছুল আলম বলেন, কৃষকদের কাছে কম দামে ভেজাল বীজ বিক্রি করে কিছু অসাধু ব্যবসায়ী আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এতে করে ডিলাররা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভেজাল বীজ কিনে কৃষকেরা যাতে প্রতারিত না হন, সে ব্যাপারে সঠিক পরামর্শ দেওয়ার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম আফসারুজ্জামান এ-সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।