ধরমপাশার সব ইউনিয়নে ওএমএস চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে ফসলডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কৃষকদের কম দামে চাল দেওয়ার জন্য খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। তবে উপজেলার ১০টি ইউনিয়নে মাত্র তিনজন ডিলার দিয়ে কাজ শুরু করায় অনেক কৃষকই এই চাল কিনতে পারছেন না। এই পরিস্থিতিতে তাঁরা প্রতিটি ইউনিয়নে ওএমএস কর্মসূচি চালু করার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে উপজেলার সব হাওরের বোরো ফসল তলিয়ে যায়। ফসলডুবির ঘটনায় বাজারে চাল ও আটার দাম বেড়ে যায়। ৮ এপ্রিল উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি সভা করে ধরমপাশা উপজেলায় তিনজন ডিলার নিয়োগ দেয়। এর মধ্যে উপজেলা সদরে শওকত আলী ও আবদুস ছাত্তার এবং মধ্যনগর থানা সদরে সাখাওয়াত হোসেনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ডিলাররা প্রত্যেক ব্যক্তির কাছে প্রতিদিন পাঁচ কেজি চাল (প্রতি কেজি ১৫ টাকা) বিক্রি করছেন। তবে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক কম দামের এই চাল কিনতে পারছেন না। গত ৯ এপ্রিল এই কর্মসূচির চাল বিক্রি শুরু হয়।

বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঁকাতলা গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, ‘১৫ মাইল হাইট্টা পাঁচ কেজি চাউল আনবার লাইগ্যা শুক্কুরবার সহাল ১০টায় মধ্যনগর বাজারও গেছিলাম। লাইেন খাড়ইয়া চাউল না ফাইয়া খাইল্লা আতে ফিইর‍্যা আইছি।’ মধ্যনগর বাজারে ওএমএসের ডিলার সাখাওয়াত হোসেন বলেন, সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যেই চাল বিক্রি শেষ হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে প্রতিদিনই ৪০০ থেকে ৫০০ মানুষ চাল নিতে না পেরে কেঁদে কেঁদে বাড়ি ফিরছেন।

উপজেলার সেলবরষ ইউপির চেয়ারম্যান নূর হোসেন, পাইকুরাটির মো. ফেরদৌসুর রহমান, জয়শ্রীর সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তরের ফরহাদ আহমেদ, সুখাইড় রাজাপুর দক্ষিণের আমানুর রাজা চৌধুরী, বংশীকুণ্ডার বিল্লাল হোসেন ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজিম মাহমুদ জানান, মধ্যনগর বাজার ও ধরমপাশা উপজেলা সদর থেকে ওএমএসের চাল আনতে গেলে যাতায়াত বাবদ অনেক টাকা খরচ হয়ে যায়। এ অবস্থায় এখানকার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

 ইউএনও মো. মামুন খন্দকার বলেন, ‘ইউপি চেয়ারম্যানরা আমার কাছে ১০টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে ওএমএস ডিলার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি।’

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়ন যাতে খোলাবাজারে কম দামে চাল বিক্রির আওতায় আনা যায়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গত ২০ এপ্রিল চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।