ধরমপাশার সেই চার বিদ্যালয়ে আরও একজন করে শিক্ষক
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার খলাপাড়া, কলুমা মাছুয়াকান্দা, আটাইশা মাছিমপুর ও মাছুয়াকান্দা—এ চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও একজন করে শিক্ষক দেওয়া হয়েছে। দীর্ঘদিন মাত্র একজন করে শিক্ষক দিয়ে এসব বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চলছিল। এতে করে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থীর সংখ্যাও কমে আসছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেনকে খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, করুয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিধর সরকারকে কলুমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বানারশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন তালুকদারকে আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র তালুকদারকে মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি বদলি করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ১২ মে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ওই চারটি বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি ৭ মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত ৩০ এপ্রিল প্রথম আলোয় ‘ধরমপাশার চারটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।