ধরমপাশার সেই নৌকাঘাটে অবৈধ টোল আদায় বন্ধ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজার নৌকাঘাট থেকে টোল আদায় দুই দিন ধরে বন্ধ রয়েছে। চার মাস ধরে স্থানীয় দুই ব্যক্তি সেখানে আসা নৌকার লোকজনদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করছিলেন।
অবৈধভাবে টোল আদায় নিয়ে গত শনিবারপ্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমেদ প্রথম আলোকে জানান, শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করতে বংশীকুন্ডা বাজারে আসে। এ সময় অবৈধ টোল আদায়কারীরা সেখান থেকে সটকে পড়েন। এর পর থেকে টোল আদায় বন্ধ রয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম প্রথম আলোকে খান বলেন, বংশীকুন্ডা বাজার নৌকাঘাটে গিয়ে অবৈধ টোল আদায়কারীদের পাওয়া যায়নি। এ ঘাটে এখন টোল আদায় হচ্ছে না। যদি কেউ সেখানে অবৈধভাবে টোল আদায় করে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।