সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সংস্কারকাজ গতকাল বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে। চাঁদা না পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা এ কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সলপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামতের জন্য চলতি অর্থবছরে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত শুক্রবার সকালে ভবন মেরামতের কাজের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ চারজন শ্রমিক নিয়োগ করে। খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ইকবাল হোসেন ঘটনাস্থলে যান। এ সময় তিনি প্রধান শিক্ষক ও সভাপতি তাঁর সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে শ্রমিকদের তাড়িয়ে দেন। এর আগে ইকবাল এ কাজ বাবদ প্রধান শিক্ষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যৌথভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাটের জন্য গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক বৈঠক হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ইকবাল ঘটনার জন্য প্রধান শিক্ষক ও সভাপতির কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর এমনটি হবে না বলে প্রতিশ্রুতি দেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, ইকবাল হোসেন ঘটনার জন্য অনুতপ্ত হয়ে সবার সামনে তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। ফলে সালিসের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন।