ধরমপাশার সেলবরষে সার ডিলারের গুদাম নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার সেলবরষ ইউনিয়নে বিসিআইসির সার ডিলারের কোনো গুদাম না থাকায় সেখানকার কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যথাসময়ে সার সংগ্রহ করতে না পারায় বোরো মৌসুমে চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি এলাকার অর্ধশতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।এলাকাবাসী ও উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে বিসিআইসির ১০ জন সার ডিলার রয়েছেন। এর মধ্যে সেলবরষ ইউনিয়নেও একজন ডিলার রয়েছেন। সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ডিলারের গুদাম থাকার কথা থাকলেও সেলবরষ ইউনিয়নে কোনো গুদাম নেই। ফলে সেলবরষ ইউনিয়ন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে উপজেলা সদরে অবস্থিত ডিলারের গুদাম থেকে কৃষকদের সার সংগ্রহ করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, গুদাম স্থাপনের জন্য ডিলারকে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি নানা কৌশলে সময় অতিবাহিত করে চলেছেন।মাইজবাড়ী গ্রামের কৃষক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ইউনিয়নের মধ্যে সারের কোনো গোদাম না থাহায় ছয়-সাত মাইল দূর থাইক্যা সার আনতে অয়। এইহানে যাইতে আইতে গিয়াই ৭০/৮০ টেহা খরছ অইয়া যায়। যত তাড়াতাড়ি আমরার ইউনিয়নে একটা গোদাম অইব ততই আমরার মঙ্গল অইব।’ জরুরি ভিত্তিতে সেলবরষ ইউনিয়নে সারের গুদাম স্থাপনের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।সলপ গ্রামের কৃষক মো. নূর ইসলাম বলেন, গত সপ্তাহে সার আনতে তিনি ধরমপাশা গিয়েছিলেন। কিন্তু ডিলারের দোকান বন্ধ থাকায় সার আনতে পারেননি। এতে তাঁর সময় ও অর্থ দুই-ই নষ্ট হয়েছে। তিনি বলেন, ‘সার দিতে না পাইরা কেতের খুব ক্ষতি অইতাছে। কহন যে আমরার এই সমস্যার সমাধান অইব তা আল্লাই জানেন।’সেলবরষ ইউনিয়নের সারের ডিলার মো. আনোয়ার হোসেন বলেন, ইউনিয়নের মধ্যে সার ডিলারের গুদাম থাকতে হবে—এ নির্দেশনাটি আগে ছিল না। তিনি বলেন, তিনি অনেক দিন ধরে সেলবরষ ইউনিয়নে গুদাম ভাড়া নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ঘর না পাওয়ায় গুদামের ব্যবস্থা করতে পারছেন না। তবে কৃষকেরা যাতে ওই ইউনিয়ন থেকে সার নিতে পারেন, এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীপক কুমার পাল বলেন, সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী প্রত্যেক ডিলারের ইউনিয়নে গুদাম থাকা বাধ্যতামূলক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ ব্যাপারে ডিলার আনোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি এ ব্যাপারে এখনো কোনো জবাব দেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা বলেন, কৃষকদের সুবিধার্থে এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।