ধরমপাশার হাওরে ট্রলারডুবি, নিহত ১
সুনামগঞ্জের ধরমপাশার ধারাম হাওরে আজ রোববার সকালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর পরপরই স্থানীয় লোকজন আবদুস ছাত্তার (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি পাশের তাহিরপুর উপজেলার বেতাগড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও সাঁতরে তীরে ওঠা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাথরঘাটা ট্রলার ঘাট থেকে সকালে ২০-২৫ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি পাশের তাহিরপুর উপজেলার টেকেরঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি বেলা সাড়ে ১১টার দিকে ধরমপাশার ধারাম হাওরে পৌঁছালে প্রবল ঢেউ ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে উল্টে গিয়ে তলিয়ে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আবদুস ছাত্তার নিখোঁজ হন। দুপুর ১২টার দিকে হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসীন আহমেদ এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।