ধরমপাশার ১০ ইউনিয়নেই ওএমএসের ডিলার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ফসলডুবির ঘটনায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ওএমএসের মাত্র তিনজন ডিলার নিয়োগ করে গত ৯ এপ্রিল থেকে কৃষকদের মধ্যে খোলা বাজারে কম দামে চাল বিক্রি শুরু হয়েছিল।৤ইউনিয়ন পর্যায়ে ডিলার না দেওয়ায় উপজেলার ১০টি ইউনিয়নের অনেক কৃষকই কম দামে চাল কেনার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।৤এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিটি ইউনিয়নে ডিলার নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন। ৪ মে উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি সভা করে প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দিয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে উপজেলার সব হাওরের বোরো ফসল তলিয়ে যায়। ফসলডুবির ঘটনায় বাজারে চাল ও আটার দাম বেড়ে যায়। ৮ এপ্রিল উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি সভা করে ধরমপাশা উপজেলায় তিনজন ডিলার নিয়োগ দেয়। ৯ এপ্রিল থেকে প্রত্যেক ব্যক্তির কাছে পাঁচ কেজি চাল (প্রতি কেজি ১৫ টাকা) বিক্রি শুরু হয়। তবে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক লাইনে দাঁড়িয়েও কম দামের এই চাল কিনতে পারছিলেন না।৤ফলে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিটি ইউনিয়নে ডিলার নিয়োগ করে চাল বিক্রির দাবি জানিয়ে আসছিলেন।৤এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৪ মে উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি সভা ডাকে। সভায় উপজেলায় নিয়োগ পাওয়া তিনজন ডিলারের মধ্যে দুজনকে বাদ দেওয়া হয় এবং প্রতিটি ইউনিয়নের একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ বলেন, উপজেলায় ডিলার সংখ্যা এখন ১১।৤প্রত্যেক ডিলারের বিপরীতে এক টন করে চাল বরাদ্দ দেওয়া হবে। সপ্তাহে শনিবার ছাড়া ছয় দিন এই চাল বিক্রি করা হরে। আগামীকাল (আজ সোমবার) থেকে ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পাওয়া ডিলাররা চাল বিক্রি শুরু করবেন।
ইউএন মো. মামুন খন্দকার বলেন, ‘ইউপি চেয়ারম্যানরা আমার কাছে ১০টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে ওএমএস (খোলা বাজারে বিক্রি) ডিলার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন। ৤আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ‘সারা উপজেলায় মাত্র তিনজন ডিলার, ধরমপাশার সব ইউনিয়নে ওএমএস চালুর দাবি’ শিরোনামে ৪ মে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।