ধরমপাশার ১৫ গ্রাম পাঁচ দিন বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক খুঁটি হেলে পানিতে পড়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর, চামরদানী ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ১৫টি গ্রামে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ওই গ্রামগুলোর তিন সহস্রাধিক গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তেলিপাড়া গ্রামের সামনে থেকে সুলেমানপুর গ্রাম পর্যন্ত পল্লী বিদ্যুতের লাইনের তিনটি বৈদ্যুতিক খুঁটি হেলে পানিতে পড়ে যায়। এরপর থেকে মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া, মাছিমপুর, কান্দাপাড়া, ইটাউড়ি, সম্পদপুর, গলহা; চামরদানী ইউনিয়নের সাজদাপুর, গাইনপাড়া, পলমাটি, সুলেমানপুর, দৌলতপুর, আবিদনগর, দুগনই, মজলিসপুর এবং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ধরমপাশা অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, ‘এই ১৫টি গ্রামে তিন সহস্রাধিক বিদ্যুৎ-গ্রাহক রয়েছেন। গত মঙ্গলবার থেকে সেখানে খুঁটি বসানোর কাজ শুরু করি। কিন্তু পানির মধ্যে খুঁটি স্থায়ী হচ্ছে না। এই ১৫টি গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশ দিয়ে টাওয়ার তৈরির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

    চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বিদ্যুতের গ্রাহক মো. নূর আলম বলেন, সোমবার থেকে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা মাছ ও মাংস নষ্ট হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।

পবিস ধরমপাশা অভিযোগ কেন্দ্র নেত্রকোনার মোহনগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন। বিদ্যুতের সমস্যার বিষয়ে ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আক্তারুজ্জামান লস্কর প্রথম আলোকে বলেন, এ সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চলছে।