ধরমপাশায় অবশেষে সাংসদের হস্তক্ষেপে চাল বিতরণ
সুনামগঞ্জের ধরম-পাশা উপজেলার মধ্যনগর, ধরমপাশা সদর, চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দুস্থ ভিজিএফ কার্ডধারীদের মধ্যে গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাল বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের হস্তক্ষেপে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার, মধ্যনগর ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেছেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল বিভিন্ন অজুহাত দেখিয়ে চারটি ইউনিয়নের দুস্থ ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ঈদুল ফিতরের আগে চাল বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত করছেন—এ সংবাদ আমরা স্থানীয় সাংসদকে জানালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।’এ উপজেলার ১০টি ইউনিয়নে ১১ হাজার দুস্থ ও দরিদ্র কার্ডধারীর মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।ধরমপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালুকদার ও মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস গুদাম থেকে এ চার ইউনিয়নের বরাদ্দ করা ভিজিএফের চাল উত্তোলনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।প্রথম আলোয় ‘দুস্থদের ভিজিএফের চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা’ শিরোনামে গত ৩০ আগস্ট প্রতিবেদন প্রকাশিত হয়।