ধরমপাশায় অবাধে চলছে জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী গ্রামের সড়কসংলগ্ন একটি বাড়িতে এক মাস ধরে জুয়ার আসর চলছে। এলাকাবাসীর অভিযোগ, জুয়াড়িরা স্থানীয় ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ অবস্থায় এলাকার সাধারণ জনগণ উদ্বিগ্ন। তারা জুয়ার আসর বন্ধের দাবি জানিয়েছে।এলাকাবাসী জানায়, সপ্তাহে তিন দিন শনি, সোম ও বুধবার সন্ধ্যার পরপরই ওই বাড়িতে হ্যাজাক লাইট জ্বালিয়ে জুয়ার আসর বসানো হয়। বিষয়টি পুলিশকে জানালেও কোনো কাজ হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, পুলিশকে হাত করেই জুয়ার আসর বসানো হচ্ছে।পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, ‘জুয়ার আসর বন্ধের জন্য পুলিশকে জানিয়েছি। এভাবে জুয়ার আসর চলতে থাকায় তরুণ সমাজ বিপদগামী হচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক স্কুলশিক্ষক জানান, এ ধরনের অসামাজিক কার্যক্রম চলতে থাকায় এলাকার সার্বিক পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ জানান, জুয়াড়িদের সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্ক নেই।