ধরমপাশায় অবাধে চলছে ভটভটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই মাস ধরে অবৈধভাবে যাত্রী নিয়ে অর্ধশতাধিক ভটভটি চলাচল করছে। এগুলো চলাচলের ক্ষেত্রে চালকদের নেই কোনো প্রশিক্ষণ, নেই কোনো বৈধ কাগজপত্র।স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, এ উপজেলার ধরমপাশা, বাদশাগঞ্জ, গাছতলা, কান্দাপাড়া, সুনই সড়কে প্রায় দুই মাস ধরে যাত্রী নিয়ে অর্ধশতাধিক ভটভটি চলাচল করছে। তিন চাকাবিশিষ্ট এই বাহনে নেই কোনো তাৎক্ষণিক গতিরোধক নিয়ন্ত্রণ যন্ত্র ও সতর্ক সংকেত (হর্ন)। সময় বাঁচাতে এখানকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ভটভটি দিয়ে চলাচল করছে। ফলে প্রায় প্রতিনিয়তই এগুলো উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভটভটির চালক জানান, এ যান চলাচলের জন্য কোনো লাইসেন্স বা অনুমতির প্রয়োজন নেই। সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে মাস শেষে প্রত্যেক চালককে এ বাবদ ১০০ টাকা করে স্থানীয় পুলিশ প্রশাসনকে মাসোহারা দিতে হচ্ছে।সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলী আমজাদ ও ফেরদৌসুর রহমান বলেন, ‘এ বাহনটি পরিবেশবান্ধব নয়। এ ব্যাপারে আগামী উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করব।’ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ভটভটিচালকদের কাছ থেকে পুলিশ কোনো মাসোহারা নিচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ উপজেলার বিভিন্ন সড়কে ভটভটি চলাচল করলেও এ যান চলাচলে প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।