ধরমপাশায় আ.লীগ নেতার নিয়ন্ত্রণে জলমহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় একটি জলমহাল গত চার বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার প্রায় দুই কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। নামমাত্র মূল্যে ওই নেতার লোকজনকে আবার জলমহালটি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, ধরমপাশা উপজেলার সুনই জলমহালটি ১৪১৫ বাংলা সনে তিন বছরের জন্য ইজারা নেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আবদুস সালাম। বার্ষিক ইজারামূল্য ছিল ৪১ লাখ ১০ হাজার টাকা। কাগজপত্রে আবদুস সালামের নাম থাকলেও জলমহালটি নিয়ন্ত্রণ ও ভোগ দখল করছেন ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর। জলমহাল নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ, মৎস্য আহরণ—সবকিছুর দায়িত্বে আছেন তাঁর ছোট ভাই মুরাদ আহমদ। ১৪১৫ সনে জলমহালটি তিন বছরের জন্য ইজারা নিয়ে রাজস্ব দেওয়া হয় মাত্র এক বছরের। রাজস্ব না দিয়েই বাকি দুই বছর এটি ভোগ দখল করেন তাঁরা। ১৪১৮ ও ১৪১৯ সনের খাস আদায় হিসেবে দেখিয়ে জলমহালটি দেওয়া হয় আলমগীর কবীরের নিয়ন্ত্রণাধীন গুলুয়া মৎস্যজীবী সমিতির নামে। জানা গেছে, ১৪১৮ সনে জলমহালটি ইজারা নিতে স্থানীয় দোয়েল মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান ওরফে মিটো জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন, জলমহালটি তিনি দুই বছরের জন্য বার্ষিক ২৪ লাখ ৫৭ হাজার টাকা ইজারামূল্যে অথবা কেবল ১৪১৮ সনের অবশিষ্ট সময়ের খাস আদায় হিসেবে ২০ লাখ টাকা দিতে আগ্রহী। কিন্তু প্রশাসন তাঁকে জলমহালটি না দিয়ে গুলুয়া মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে মাত্র ছয় লাখ টাকায় খাস আদায় হিসেবে দেয়। সম্প্রতি একই সমিতির কাছ থেকে আগামী দুই বছর খাস আদায় বাবদ রাজস্ব গ্রহণের জন্য হাইকোর্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কিন্তু নীতিমালায় কোনো জলমহালের দুই বছরের রাজস্ব একই সঙ্গে নেওয়ার বিধান নেই। তাই এ বিষয়ে মতামত জানতে জেলা প্রশাসন সেটি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছে। দোয়েল মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমানের অভিযোগ, জলমহালটি চার বছর ধরে আলমগীর কবীর নিজের দখলে রেখেছেন। এলাকার সব মানুষ সেটি জানে। মতিউর রহমান বলেন, ‘আমি একাধিকবার আবেদন করেছি। কিন্তু প্রশাসন আমাকে দেয়নি। এখানে গত চার বছরে সরকার প্রায় দুই কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।’ জলমহালের একসময়ের ইজারাদার আবদুস সালাম বলেন, ‘আমি ১৪১৫ সনে তিন বছরের জন্য জলমহালটি ইজারা নিয়েছিলাম। তখন আলমগীর কবীর আমার সঙ্গে ছিলেন।’ এ ব্যাপারে কথা বলার জন্য আলমগীর কবীরের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে জলমহালের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তাঁর ছোট ভাই মুরাদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো জলমহালটি পাইনি। কাগজপত্র ঠিকঠাক করতে আরও কয়েক দিন সময় লাগবে।’ কত দিন ধরে এই জলমহাল নিয়ন্ত্রণ করছেন, জানতে চাইলে মুরাদ বলেন, ‘আসলে জলমহাল সমিতির নামেই আছে। আমরা তিন-চার বছর হয় এর সঙ্গে যুক্ত হয়েছি।’ জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আসলে এই জলমহাল নিয়ন্ত্রণে বড় বড় রাঘববোয়াল জড়িত। সমিতি আছে শুধু নামে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার অলিউর রহমান বলেন, ‘আমি আগের বিষয়ে বলতে পারব না। তবে উচ্চ আদালতের সাম্প্রতিক আদেশের বিষয়ে মতামত জানতে সেটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। মতামত পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে।’