ধরমপাশায় আনসার ও ভিডিপির ১৭৩৪ জন সদস্য সম্মানী পাননি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-সংক্রান্ত কাজে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আনসার ও ভিডিপির এক হাজার ৭৩৪ জন সদস্য দায়িত্ব পালন করার পর দুই মাস পেরিয়ে গেলেও তাঁদের প্রাপ্য পাঁচ দিনের সম্মানী-ভাতা পাননি।উপজেলার আনসার-ভিডিপির কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই উপজেলার ১০টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য এ উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ভোটকেন্দ্রে এক হাজার ৭৩৪ জন সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আনসার-ভিডিপির সদস্য অভিযোগ করে বলেন, ‘পুলিশ ও বর্ডার গার্ড সদস্যদের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করলেও তাঁরা ঠিকই তাঁদের ভাতাদি উত্তোলন করেছেন বলে শুনেছি। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও আমরা এখনো আমাদের প্রাপ্য পাঁচ দিনের সম্মানী-ভাতা পাইনি।’উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন থেকে অর্থ বরাদ্দ আমাদের কাছে এসে না পৌঁছায় সম্মানী-ভাতা দিতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে।’আনসার ও ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. আবদুল মতিন বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত অর্থ বরাদ্দ এখনো এসে না পৌঁছায় কোনো ব্যবস্থা নিতে পারছি না।’