ধরমপাশায় ইউএনও নেই তিন মাস, দুর্ভোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি তিন মাস ধরে শূন্য রয়েছে। এতে উপজেলা পরিষদে দাপ্তরিক কাজসহ নানা প্রয়োজনে আসা মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ অক্টোবর ইউএনও মোহাম্মদ নাজমুল হক বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর পাশের জামালগঞ্জের ইউএনও কিছুদিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ওই বছরের ১৭ নভেম্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, ইউএনওর পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি না থাকায় উপজেলা মাসিক সমন্বয় সভা, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ব্যক্তিদের সংশোধিত তালিকা যাচাই-বাছাই ও অনুমোদন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, জলমহাল-সংক্রান্ত সভা, অতিদরিদ্রদের জন্য কর্মসূচির প্রকল্প কাজের নজরদারিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর বলেন, ‘একই সঙ্গে দুটি পদের দায়িত্ব পালন করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।